দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর গণধর্ষণে মমতাকে বার্তা ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনের
দুর্গাপুরে ওড়িশার এক মেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তিনি প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন।
এক্সে এক পোস্টে মাঝি লেখেন, “পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এক ওড়িয়া ছাত্রীকে গণধর্ষণের দুর্ভাগ্যজনক ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় ও বেদনাদায়ক। এই খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। এই সংবেদনশীল ঘটনায় আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।”

মাঝি নির্যাতিতার দ্রুত আরোগ্য কামনা করেছেন। একইসঙ্গে তিনি প্রশাসনের কর্মকর্তাদের পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী আরও জানান, ওড়িশা সরকার নির্যাতিতার পরিবারকে সব ধরনের সম্ভাব্য সহায়তা দেবে।
পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে বালাসোরের জলেশ্বর এলাকার এই মেডিক্যাল ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার রাতে দ্বিতীয় বর্ষের এই ছাত্রী এক বন্ধুর সঙ্গে ডিনারে বাইরে গেলে বেসরকারি মেডিক্যাল কলেজের ক্যাম্পাসের বাইরে এই ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মেডিক্যালের এই ছাত্রীর পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।












Click it and Unblock the Notifications