এবার ব্যাটারিতে চলবে রেল! ডিজেল ইঞ্জিনের দিন কী ফুরোতে চলেছে? বড় বদলের পথে রেলমন্ত্রক
পরিবেশ দূষণ কমানো এবং ডিজেল খরচের বোঝা কমাতে এবার এক বড় পরিবর্তনের পথে হাঁটছে ভারতীয় রেল। ব্যাটারি চালিত লোকোমোটিভ চালু করার পরিকল্পনা করছে রেলমন্ত্রক। পরীক্ষামূলকভাবে খুব তাড়াতাড়িই ট্র্যাকে নামতে পারে ব্যাটারিতে চলা ইঞ্জিন।

রেলের প্রায় সমস্ত রুটই এখন বিদ্যুতায়িত। মোট ৭০ হাজার কিলোমিটারের বেশি রেলপথের মধ্যে খুব অল্প অংশ বাদ দিলে দেখা যাবে যে সবই ইলেকট্রিক লাইনে চলে গেছে। তবুও এখনও প্রায় আড়াই হাজার ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। যা খরচ এবং পরিবেশ, দুটোর পক্ষেই অনেকটা চাপের।
এই পরিস্থিতি বদলানোর জন্য লিথিয়াম ফেরো ফসফেট ব্যাটারিতে তৈরি বিশেষ ইঞ্জিন নিয়ে এই প্রকল্প শুরু হচ্ছে। প্রথম ধাপে গুরুত্বপূর্ণ ইয়ার্ডে ব্যবহার হওয়া কিছু ডিজেল ইঞ্জিন বদলে ব্যাটারি ইঞ্জিনে রূপান্তর করা হবে। প্রায় ৭০০ হর্সপাওয়ারের এই ইঞ্জিন নিয়ে বেশ কিছুদিন ধরে ট্রায়ালও চলবে।
ইতিমধ্যেই চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসকে ১০টি ব্যাটারি ইঞ্জিন তৈরি করার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি, কাঁচড়াপাড়া ওয়ার্কশপেও নতুন ধরনের ইলেকট্রিক ইঞ্জিন তৈরি করা হয়েছে।
রেলের পরিকল্পনা যে, পরীক্ষায় যদি সফল হয় তাহলে স্বল্প এবং মাঝারি দূরত্বের ট্রেনে এই ব্যাটারি ইঞ্জিন ব্যবহার করা হবে। এবং সেইসঙ্গে হরিয়ানার জিন্দে হাইড্রোজেন-চালিত ট্রেনের পরীক্ষাও চলছে। ধীরে ধীরে সবুজ প্রযুক্তির দিকেই এগিয়ে যাচ্ছে ভারতীয় রেল।












Click it and Unblock the Notifications