যোগী সরকার নয় ভুল করে 'মা' উড়ালপুলের ছবি ছেপেছিল সংবাদমাধ্যম, দায় নিয়ে ক্ষমা চাইল সংস্থাটি
যোগী সরকার নয় ভুল করে 'মা' উড়ালপুলের ছবি ছেপেছিল সংবাদমাধ্যম, দায় নিয়ে ক্ষমা চাইল সংস্থাটি
যোগীর 'ট্রান্সফরমিং ইউপি' বিজ্ঞাপনে কলকাতার মা ফ্লাইওভারের ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এরমধ্যেই ঘটনার দায় স্বীকার করে ক্ষমা চাইল সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটি৷ 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস' নামে এক জনপ্রিয় ইংরাজি সংবাদমাধ্যম টুইট করে তাদের ভুল স্বীকার করেছে৷

কী লেখা হয়েছে টুইটে?
টুইটে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে লেখা হয়েছে, 'সংবাদপত্রের মার্কেটিং বিভাগের পক্ষ থেকে একটি ভুল ছবি জুড়ে দেওয়া হয়েছে ইউপি সরকারের বিজ্ঞাপনের সঙ্গে৷ এর জন্য আমরা খুবই দুঃখিত। ছবিটি সংবাদপত্রের সমস্ত বৈদ্যুতিন প্লাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হল।'

কী হয়েছিল ঘটনা?
সম্প্রতি উত্তরপ্রদেশ সরকারের উন্নয়নের একটি বিজ্ঞাপন একটি জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। যেখানে হেডলাইনে ইংরাজিতে বড় করে লেখা রয়েছে 'ট্রান্সফরমিং উত্তরপ্রদেশ আন্ডার যোগী আদিত্যনাথ' অর্থাৎ 'যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশের উন্নয়নমূলক পরিবর্তন।' কিন্তু এই বিজ্ঞাপনে যোগী আদিত্যনাথের সময়ে হওয়া ডেভেলপমেন্ট বোঝাতে যে ছবি ব্যবহার করা হয়েছে তা আসলে কলকাতার ছবি৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে তৈরি হওয়া ৯.২ কিমির মা উড়ালপুল ও তার পাশে থাকা বাংলার অন্যতম বড় পাঁচতারা হোটেল জেডব্লিউ ম্যারিয়টের ছবিই ব্যবহার করা হয়েছে যোগীর ইউপির উন্নয়নের ছবি তুলে ধরতে৷ এমনটাই অভিযোগ করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে৷

ভাইরাল সোশ্যালমিডিয়ায়!
দ্য সানডে এক্সপ্রেসে নামক একটি ইংরাজি সংবাদপত্রে একটি গোটা পাতাজুড়ে কলকাতার মা ফ্লাইওভার ও ম্যারিয়ট হোটেলের ছবি সহ যোগী আদিত্যনাথের বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে৷ যা ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল। এর পাশাপাশি যোগ সরকারের পক্ষ থেকে মূল বিজ্ঞপ্তিটিও টুইটার এবং ফেসবুকে ভাইরাল হয়েছে। যদিও ছবিটির সত্যতা যাচাই করেনি ওয়ানইন্ডিয়া বাংলা নিউজপোর্টাল৷

কী বললেন অভিষেক?
যোগী সরকারের এই বিজ্ঞাপনের ছবি নিয়ে টুইটে কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি রোহিনী সিং নামের এক সাংবাদিকের ওই ছবি সহ টুইট রিটুইট করে লিখেছেন, যোগীর ট্রান্সফরমিং ইউপির মানে হল মমতা নেতৃত্বে বাংলায় পরিকাঠামোগত উন্নয়নের ছবি চুরি করে সেটা নিজের বলে চালানো৷ বিজেপির 'ডবল ইন্জিন সরকার' আসলে ব্যর্থ। এবং বিজেপির দাবি মতো সবচেয়ে উন্নত রাজ্যের আসল সত্যিটা বেরিয়ে পড়েছে।'
তবে শুধু অভিষেক নন, ফিরহাদ হাকিম, মিমি চক্রবর্তী, কুনাল ঘোষ, মুকুল রায়রা।
ছবি সৌজন্য:সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত












Click it and Unblock the Notifications