টু ফিঙ্গার টেস্ট করা হয়নি, ধর্ষিতার অভিযোগ খারিজ করে জানালেন বায়ুসেনা প্রধান
টু ফিঙ্গার টেস্ট করা হয়নি
কয়েকদিন আগেই এক মহিলা অফিসার ভারতীয় বায়ুসেনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন। ধর্ষণের অভিযোগ প্রমাণে তাঁর যৌনাঙ্গে টু ফিঙ্গার টেস্ট করা হয়েছিল দাবি করেন মহিলা অফিসার। সেই নিয়ে এবার মুখ খুললেন নব নিযুক্ত এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরি। মঙ্গলবার বায়ুসেনা প্রধান জানিয়ে দিলেন ২৮ বছর বয়সী ওই নির্যাতিতার কোনও টু ফিঙ্গার টেস্ট হয়নি।

বায়ুসেনা প্রধান বলেন, 'কোনও টু ফিঙ্গার টেস্ট হয়নি, তদন্তের রিপোর্ট অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ প্রসঙ্গত, ২৮ বছরের ওই মহিলা অভিযোগ আনেন যে বায়ুসেনার লেফটেন্যান্টের হাতে তাঁকে ধর্ষিতা হতে হয়েছে। ওই অফিসার তাঁকে পানীয়ের মধ্যে মাদক মিশিয়ে দেওয়ার পর তাঁকে ধর্ষণ করা হয়। ওই মহিলা এও অভিযোগ করেছিলেন, তাঁকে হুমকি ও ভয় দেখানো হয়েছে এবং লেফটেন্যান্টের সঙ্গে এই অপরাধে তিনিও যে যুক্ত তা লিখিতভাবে জানাতে বলা হয়।
আক্রান্ত মহিলা এও অভিযোগ করেন যে বায়ুসেনা তাঁর অভিযোগ নিয়ে কোনও পদক্ষেপ করেননি এবং তিনি বাধ্য হন পুলিশের কাছে অভিযোগ জানাতে। পুলিশের কাছে এফআইআরে আক্রান্ত মহিলা জানিয়েছেন যে ধর্ষণ নিশ্চিত করার জন্য তাঁর ওপর নিষিদ্ধ টু ফিঙ্গার টেস্ট করা হয়। মহিলা এও অভিযোগ করেছেন যে হাসপাতাল তাঁর সোয়াব টেস্ট করে তাঁকে মিথ্যা রিপোর্ট দেয়, যেখানে তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। এরপর মহিলা দেখেন যে তাঁর নমুনা পাঠানোই হয় নি। এদিকে, বিমান বাহিনীর ৮৯তম বার্ষিকীর আগে সংবাদমাধ্যমকে ভাষণ দেওয়ার সময় বায়ুসেনা প্রধান তাঁর বিবৃতিতে বলেন, মহিলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং রিপোর্ট অনুযায়ী পদক্ষেপ করা হবে।
এদিন চেয়ারে বসেই সাংবাদিকদের একাধিক বিষয় নিয়ে কথা বলেন ভিকে চৌধুরি। তাঁর কথায়, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের গতিবিধি থেকে সেখানে ভারতের প্রস্তুতি, ড্রোন সক্ষমতা নিয়ে আলোচনা হয়। এরপরই মহিলা অফিসারের অভিযোগ নিয়ে জানতে চাওয়া হলে চৌধুরির দাবি, বায়ুসেনার আইন এই ধরনের বিষয়ে খুবই কঠোর। এক মহিলা অফিসারের টু ফিঙ্গার টেস্ট মিথ্যা অভিযোগ। এমন কিছু করা হয়নি। চৌধুরি জানিয়েছেন, 'আমরা আইন সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল এবং উপযুক্ত ব্যবস্থা গৃহীত হবে। এই ঘটনায় তামিলনাড়ুর কোয়েম্বাটোর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।’ প্রসঙ্গত, নির্যাতিতা পুলিশের কাছে অভিযোগ পত্রে জানান, সিনিয়ররা তাঁকে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রত্যাহার করার জন্য চাপ দেন।












Click it and Unblock the Notifications