শৌচালয় নেই, হবু শ্বশুরকে চড় হাঁকাল জামাই! চৌপাট পরিণয়

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার এই গ্রামেরই এক মেয়ের বিয়ে ছিল। সন্ধেবেলা যথারীতি বর আসে। সঙ্গে একপাল বরযাত্রী। যখন বিয়ের অনুষ্ঠান চলছে, তখন বরপক্ষের জনা তিনেক মহিলা কনের বাবাকে এসে জিজ্ঞাসা করেন, শৌচালয়টা কোনদিকে? যেন বেজায় রসিকতা করা হয়েছে, এমনভাবে মুখ করে কনের বাবা বলেন, "বাড়িতে শৌচালয় নেই। এখানে সবাই মাঠে গিয়ে কাজ সারে। তা আপনারাও চলে যান। রাত হয়ে গিয়েছে। কেউ দেখতে পাবে না।"
ব্যস! এমন কথায় রেগে কাঁই হয়ে যায় বরপক্ষ। বর ভেবে বসে হবু শ্বশুরমশাই বুঝি অশ্লীল রসিকতা করেছেন তাঁর বাড়ির মহিলাদের সঙ্গে। বর বাবাজি বিয়ের পিঁড়ে থেকে তড়াক করে লাফিয়ে উঠে শ্বশুরের গালে অ্যায়সা একখানা চড় কষায় যে, বৃদ্ধের তখন অক্কা পাওয়ার দশা! বাবার নিগ্রহ সহ্য করতে না পেরে এ বার কনে চিল-চিৎকার জুড়ে দেয়। গাঁয়ের লোক লাঠিসোটা নিয়ে ছুটে আসে। বরের পাগড়ি খুলে তাঁকে ঘরে বন্ধ করে শেকল দিয়ে দেয়। সে এক কাণ্ড বটে!
খবর পেয়ে পুলিশ ছুটে আসে গ্রামে। শেষ পর্যন্ত পুলিশের মধ্যস্থতায় বরপক্ষ বাড়ি যায়। পণ হিসাবে নেওয়া এক লক্ষ টাকা ও অন্যান্য জিনিসপত্র ফেরত দিতে হয় মেয়েপক্ষকে। বিয়ে না করেই পিঠটান দিতে হয় বেচারা বরকে।












Click it and Unblock the Notifications