কোভিড টিকাকরণ না হলে মিলবে না বেতন, সরকারি কর্মীদের জন্য নির্দেশ জারি মধ্যপ্রদেশে
উত্তরপ্রদেশের পর এবার মধ্যপ্রদেশ। কোভিড–১৯–এর বিরুদ্ধে সম্পূর্ণ টিকাকরণের লক্ষ্য পূরণ করতে রাজ্যের উজ্জ্বয়িনি জেলা প্রশাসন নির্দেশ জারি করে জানিয়েছে যে সরকারি কর্মীরা টিকাকরণ না করালে আগামী মাসের বেতন তাঁরা পাবেন না।

জেলা কালেক্টর আশিস সিং এই নির্দেশ জারি করে জানিয়েছেন যে এটি মঙ্গলবার থেকে কার্যকর হবে। এই নির্দেশে বলা হয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যে যদি সরকারি কর্মীরা টিকা নিতে ব্যর্থ হন তবে তাঁদের বেতন দেওয়া হবে না। জেলা প্রশাসনের কর্মকর্তা জানান যে সরকারি কর্মীদের জুলাই মাসের বেতন তখনই দেওয়া হবে যখন তাঁরা তাঁদের টিকাকরণের শংসাপত্র দেখাতে সফল হবেন।
বুধবার আশিষ সিং এই নির্দেশটি নিশ্চিত জানিয়ে বলেন, 'জেলায় একশো শতাংশ টিকাকরণের লক্ষ্য অর্জন করার জন্য আমরা সব ধরনের সম্ভাব্য উদ্যোগ নিচ্ছি। এই লক্ষ্য অর্জনের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণও হয়েছে।’ নির্দেশে বলা হয়েছে জেলা প্রশাসনের কোষাধক্ষ্য সরকারি কর্মীদের জুনমাসের বেতন দেওয়ার পাশাপাশি তাঁদের থেকে টিকাকরণের শংসাপত্র ও টিকাকরণের তথ্য সংগ্রহ করবেন। জেলার বিভিন্ন বিভাগের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে যে দৈনিক মজুর ও চুক্তিভিত্তিক কর্মীদের থেকেও টিকাকরণের তথ্য যেন তাঁরা সংগ্রহ করেন।
সরকারি কর্মীদের করোনায় মৃত্যু নিয়ে পর্যালোচনা করার সময় জানা গিয়েছিল যে ওই কর্মীরা টিকাকরণ করাননি। তাই জেলা শাসকের নির্দেশ অনুযায়ী সব সরকারি কর্মীদের টিকাকরণ করাতে হবে, তবেই মিলবে বেতন। বেশ কিছুদিন আগে উত্তরপ্রদেশেও একই ধরনের নির্দেশ জারি করা হয়েছিল। যেখানে সরকারি কর্মীরা টিকাকরণ না করালে তাঁদের বেতন দেওয়া হবে না। প্রসঙ্গত, কেন্দ্রের নয়া টিকাকরণ নীতিতে সোমবার প্রথমদিনই মধ্যপ্রদেশে ১৭ লক্ষ টিকাকরণ হয়। তবে তার পরেরদিনই অস্বাভাবিকভাবে পতন হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। সোমবার থেকেই দেশে ১৮ বছরের ঊর্ধ্বে নাগরিকদের বিনামূল্যে টিকাকরণ শুরু করে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications