বাড়িতে PNG আছে? তাহলে আর রাখা যাবে না LPG সিলিন্ডার, কালোবাজারি ঠেকাতে বড় পদক্ষেপ কেন্দ্রের
রান্নার গ্যাস ব্যবহারের ক্ষেত্রে এবার বড় নিয়ম বদল আনল কেন্দ্র। ১৪ মার্চ ২০২৬-এ কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়ে দিয়েছে যে, ইতিমধ্যেই যেসমস্ত বাড়িতে পিএনজি (PNG) সংযোগ রয়েছে, সেখানে আর ডোমেস্টিক এলপিজি (LPG) সিলিন্ডার রাখা অথবা ব্যবহার করা যাবে না।

নতুন নির্দেশ অনুসারে, এই দু'টি গ্যাস যাদের যাদের বাড়িতে সংযোগ করা আছে, তাদের তাড়াতাড়িই এলপিজি সংযোগ সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে সারেন্ডার করতে হবে। পিএনজি ব্যবহারকারীরা আর কোনও সরকারি তেল সংস্থা যেমন, IOCL, BPCL অথবা HPCL কিংবা তাদের ডিলারের কাছ থেকে এলপিজি সিলিন্ডারের রিফিলও নিতে পারবেন না।
এই সিদ্ধান্তটির জন্য ২০০০ সালের 'এলপিজি (সরবরাহ এবং বণ্টন নিয়ন্ত্রণ) অর্ডার'-এ সংশোধন আনা হয়েছে। নতুন নিয়মটিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে, কোনও পিএনজি গ্রাহক নতুন করে আর ডোমেস্টিক এলপিজি সংযোগের আবেদনও করতে পারবেন না। এই নিয়মটি শুধুমাত্র গ্রাহকদের জন্যই কার্যকর হচ্ছে এমনটা নয়, তেল সংস্থাগুলির জন্যও কড়াকড়ি ভাবে সতর্কতা জারি করা হয়েছে। যদি কোনও পিএনজি গ্রাহককে এলপিজি সংযোগ দেওয়া হয় অথবা সিলিন্ডার রিফিল করা হয়, তা হলে সেটি নিয়মভঙ্গ হিসেবে ধরা হবে।
সরকারের মতে, এরকম অনেকে রয়েছেন যাঁরা পিএনজি থাকা সত্ত্বেও অতিরিক্ত মজুত রাখার জন্য এলপিজি সিলিন্ডার রেখে দেন। এর ফলে ভর্তুকিযুক্ত গ্যাসের অপব্যবহার ও কালোবাজারির সম্ভাবনা অনেকটাই বাড়ে। আর সেই কারণেই গ্যাস বণ্টন আরও স্বচ্ছ করার জন্য এই নতুন নিয়মটি কার্যকর করা হয়েছে।












Click it and Unblock the Notifications