"বিহারে কাজের জন্য আর বাইরে নয়, ভোট দিন জন সুরাজকে", প্রশান্ত কিশোরের হুঁশিয়ারি বার্তা
"জন সুরাজকে ভোট দিন, ছটের পর আর কাউকে রোজগারের খোঁজে বিহারের বাইরে যেতে হবে না,"ঠিক এমনই জোরালো আহ্বান জানালেন প্রখ্যাত রাজনৈতিক কৌশলবিদ ও জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। সীতামারহিতে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, "বিহারের যুবকরা বিহারেই কাজ করতে চায়। এখন সময় এসেছে নিজেদের রাজ্যে নিজেদের সরকার গঠনের।"
প্রশান্ত কিশোরের দাবি, জন সুরাজ ক্ষমতায় এলে রাজ্যের অভ্যন্তরে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে যাবে। "যারা ছট পুজোর জন্য বাড়ি ফিরেছেন, তারা আর বাইরে যেতে বাধ্য হবেন না," ঠিক এমনই আশ্বাস দেন তিনি।

শুক্রবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে সরাসরি না হলেও পরোক্ষ আক্রমণ শানান কিশোর। তিনি বলেন, "যখন গুজরাটে এক লক্ষ কোটি টাকার বুলেট ট্রেনের কাজ চলছে, তখন বিহারের যুবকরা ছট উপলক্ষে বাড়ি ফেরার ট্রেনে সিট পেতে হিমশিম খাচ্ছে। এই বৈষম্যের শেষ করতে হবে।"
তিনি আরও যোগ করেন, "এটাই জন সুরাজের জন্মভূমি, এখান থেকেই ৩ বছর ৬ মাস আগে আমাদের আন্দোলন শুরু হয়েছিল। আমরা শপথ নিয়েছিলাম, বিহারের রাজনৈতিক দাসত্বের অবসান ঘটাব। মানুষ ভয়ে বিজেপিকে ভোট দেয়, আবার লালুপ্রসাদ যাদবের আতঙ্কে অন্যদিকে ঝোঁকে। এবার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে পরিবর্তন চান নাকি পুরোনো ব্যবস্থাই চলুক?"
অন্যদিকে, গোপালগঞ্জের স্বতন্ত্র প্রার্থী অনুপ কুমার শ্রীবাস্তব ওইদিনই আনুষ্ঠানিকভাবে জন সুরাজ দলে যোগ দেন। এর আগে গোপালগঞ্জ আসন থেকে জন সুরাজ প্রার্থী শশী শেখর সিনহা মনোনয়ন প্রত্যাহার করেন। এরপরই দল শ্রীবাস্তবকে সমর্থনের ঘোষণা দেয়।
চলতি বছরের বিহার বিধানসভা নির্বাচনে মুখোমুখি হচ্ছে দুটি বড় জোট, একদিকে নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ, যেখানে রয়েছে বিজেপি, জেডিইউ, লোক জনশক্তি পার্টি (রামবিলাস), হিন্দুস্তানি আওয়াম মোর্চা (সেক্যুলার) ও রাষ্ট্রীয় লোক মোর্চা।
অন্যদিকে মহাজোটে আরজেডি, কংগ্রেস, সিপিআই (এমএল), সিপিআই, সিপিএম ও বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি)এর মিলিত শক্তি।
প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি ইতিমধ্যেই রাজ্যের সবকটি ২৪৩টি আসনে লড়ার ঘোষণা দিয়েছে। ভোটগ্রহণ হবে ৬ ও ১১ নভেম্বর, আর গণনা হবে ১৪ নভেম্বর।
তবে প্রশান্ত কিশোরের কণ্ঠে স্পষ্ট "জন সুরাজ মানেই আত্মনির্ভর বিহার।" এবার দেখার, জনতার রায় সত্যিই কি সেই স্বপ্নের বিহার গড়ে তোলে?












Click it and Unblock the Notifications