চাকরি নেই, অনেক খুঁজেও মেলেনি, তাই বেঙ্গালুরুর যুবক লিঙ্কডইনে দিলেন ভাইরাল পোস্ট
বেঙ্গালুরুর এক চাকরিপ্রার্থীর লিঙ্কডইনে আবেগঘন পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছে। পোস্টটিতে তিনি অভিযোগ করেন, ইন্ডাস্ট্রি লিডাররা তাকে উপেক্ষা করেছেন ও তাঁকে "ভূতের মত" দেখেন। তার এই খোলামেলা স্বীকারোক্তির পর অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন এবং চাকরির প্রস্তাব দিয়েছেন।
চাকরিপ্রার্থী প্রশান্ত হরিদাস জানান, তিনি তিন বছর ধরে বেকার এবং সমাজ থেকে বিচ্ছিন্ন। চাকরির জন্য নিজেকে উপস্থাপনে প্রচুর অর্থ ব্যয় করেও নিয়োগকর্তাদের কাছ থেকে প্রতিক্রিয়া পাননি। আর তারপরই তিনি আবেগঘন পোস্ট করেন লিঙ্কডইনে।

তার পোস্টে লেখা ছিল, "ধন্যবাদ, লিঙ্কডইন, সবকিছুর জন্য। ধন্যবাদ, ইন্ডাস্ট্রির লিডারদের, আমাকে উপেক্ষা করার জন্য। আমি জানি, এই পোস্ট দেখে কেউ আমাকে চাকরি দেবে না"। চাকরিপ্রার্থী তার পোস্টে নিজের একটি ছবিও দিয়েছেন। আর ছবির উপরে লেখা, 'রেস্ট ইন পিস'। আর একদম নীচে লেখা, 'প্রশান্ত হরিদাস (১ এপ্রিল ১৯৯৩ - ১ এপ্রিল ২০২৫)'। তার নীচে লেখা, "Hated by all, Loved by pain and suffering"।
এই ছবিই নেটিজেনদের সবচেয়ে বেশি মনোযোগ কাড়ে। অনেকে তার পোস্ট দেখে উদ্বিগ্ন হন। তবে তিনি পরে ব্যাখ্যা করেন, "আমি আত্মহত্যা করব না। শুধু হতাশ। চাকরি খুঁজছি, সবকিছু ঠিক করতে চাইছি"।
হাজারও লিঙ্কডইন ব্যবহারকারী তার পোস্টের নিচে মন্তব্য করেছেন, অনেকে তার সুস্থতা সম্পর্কে খোঁজ নিয়েছেন, চাকরির প্রস্তাব দিয়েছেন এবং সহানুভূতি প্রকাশ করেছেন। অনেকে আবার সমালোচনাও করেছেন তাঁর পোস্টের।
প্রশান্ত হরিদাসের আবেগঘন পোস্ট চাকরিপ্রার্থীদের হতাশা ও চাকরির বাজারের বাস্তবতা তুলে ধরেছে। যদিও অনেকে তার প্রতি সহানুভূতি দেখিয়েছেন, অনেকে আবার পেশাদারিত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন। তবে এই ঘটনায় ইতিবাচক দিক হল - অনেকে তাকে চাকরির সুযোগ দিয়েছেন, যা তার জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications