উচ্চশিক্ষায় হিন্দি নয়, কেন্দ্রের বিরোধিতায় এককাট্টা তামিলনাড়ু

গোলমালের সূত্রপাত ইউপিএ সরকারের আমলের একটি বিজ্ঞপ্তি ঘিরে। ২০১১ সালের ওই বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সরকার বলেছিল, স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আইন ও বাণিজ্য বিষয়ের পঠনপাঠন হিন্দিতে করতে হবে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলিকে উপযুক্ত ব্যবস্থা রাখতে হবে হিন্দিতে পড়ানোর। কেউ ইংরেজিতে পড়তে না চাইলে কোনওভাবে তাকে 'বঞ্চিত' করা যাবে না। ইংরেজির পাশাপাশি আবশ্যিকভাবে হিন্দিতে পড়ানোর পরিকাঠামো গড়ে তুলতে হবে। কিন্তু সেই সময় মূলত তামিলনাড়ুতে প্রবল বিরোধিতা হওয়ায় পিছিয়ে যায় সরকার। এ বার ক্ষমতায় এসে এনডিএ সেই বিজ্ঞপ্তি নিয়ে নাড়াচাড়া শুরু করতেই অসন্তোষ ধূমায়িত হয় তামিলনাড়ুতে।
তামিলনাড়ুতে হিন্দি-বিরোধী মনোভাব খুবই প্রবল। বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে জয়ললিতা জানিয়েছেন, হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে কিছুতেই হিন্দি চালু করা সম্ভব নয়।
একই মনোভাব অন্যান্যদেরও। পিএমকে, এমডিএমকে, ডিএমকে এই ইস্য়ুতে সমর্থন করেছে জয়ললিতাকে। পিএমকে প্রধান রামডস বলেন, "খুবই নগ্নভাবে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা এর বিরোধিতা করছি এবং করব। ইউজিসি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে টাকা দেয়, এটা ঠিক। এর অর্থ এই নয় যে, জোর করে হিন্দি ঢুকিয়ে দেবে।" এমডিএমকে নেতা ভাইকো বলেন, "জোর করে হিন্দি চাপিয়ে দিলে তার ফল ভুগতে হবে কেন্দ্রীয় সরকারকে।"
১৯৬৫ সালে কীভাবে সিএন আন্নাদুরাই হিন্দি-বিরোধী আন্দোলন গড়ে তুলেছিলেন, তার উল্লেখ করে ডিএমকে-ও হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রকে।












Click it and Unblock the Notifications