বিহারে ফের নীতীশের রাজত্ব! এনডিএর সর্বসম্মত সিদ্ধান্তে বৃহস্পতিবার দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি
বিহারের রাজনীতিতে ফের একবার ইতিহাস গড়তে চলেছেন জনতা দল ইউনাইটেডের সর্বোচ্চ নেতা নীতীশ কুমার। বুধবার এনডিএর বিধায়ক দল সর্বসম্মতিক্রমে তাঁকেই নতুন নেতা হিসেবে মনোনীত করেছে। এর মধ্য দিয়েই দশমবার মুখ্যমন্ত্রী হওয়ার পথ সুগম হল ৭৫ বছরের এই অভিজ্ঞ নেতার। বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে পাটনার গান্ধী ময়দানে অনুষ্ঠিত হবে শপথগ্রহণ অনুষ্ঠান।
এনডিএর ২০২ জন বিধায়ক দিলীপ জয়সওয়াল, সম্রাট চৌধুরী, চিরাগ পাসওয়ান, কেশব প্রসাদ মৌর্য্য, বিজয় কুমার সিন্হা থেকে শুরু করে রাজু তিওয়ারি সকলেই উপস্থিত ছিলেন বৈঠকে। প্রথমে সম্রাট চৌধুরী নীতীশ কুমারের নাম প্রস্তাব করেন ও পরক্ষণেই বিধায়করা সর্বসম্মতভাবে তাকে সমর্থন জানান।

এদিন সন্ধ্যাতেই রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে দেখা করে সরকার গড়ার দাবি পেশ করবেন নীতীশ, এনডিএর সব দলগুলির সমর্থনপত্র হাতে নিয়েই। এদিকে বুধবারই ভেঙে যাচ্ছে বর্তমান বিধানসভা, ফলে বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে নতুন সরকারের কার্যকাল।
নতুন মন্ত্রিসভা গঠনে বিজেপি রাখছে তার পুরনো কাঠামো উভয় উপমুখ্যমন্ত্রীর পদই থাকবে গেরুয়া শিবিরের হাতে। সম্রাট চৌধুরী ও বিজয় সিন্হা নতুন সরকারের দুই উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন বলে জানা গেছে।
সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে এনডিএ পেয়েছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা, ২৪৩ আসনের মধ্যে ২০০এরও বেশি। বিজেপি ৮৯টি আসন পেয়ে হয়েছে একক বৃহত্তম দল। জনতা দল ইউনাইটেডের দখলে গেছে ৮৫টি আসন। এলজেপি আর ভি পেয়েছে ১৯, হাম পেয়েছে ৫ ও আরএলএম পেয়েছে ৪টি আসন।
নির্বাচনের আগে নীতীশ সরকারের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ যেমন সামাজিক নিরাপত্তা পেনশন বৃদ্ধি, জীবিকা, আশা ও আঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়ানো রাজ্যে আলোচনায় ছিল। পাশাপাশি মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার আওতায় এক কোটিরও বেশি মহিলাকে দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, যা ভোটে এনডিএর পালে বাড়তি হাওয়া জুগিয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত।












Click it and Unblock the Notifications