নীতীশ কুমার ইন্ডিয়া ব্লকে থাকলে প্রধানমন্ত্রী হতেন! বিহারের মুখ্যমন্ত্রীকে নিয়ে বড় কথা বললেন অখিলেশ যাদব
বিহারে রাজনৈতিক অস্থিরতা চূড়ান্ত পর্যায়ে। সূত্রের খবর, ২৮ জানুয়ারি রবিবার নীতীশ কুমার নবমবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। অবশ্যই তা বিজেপির সমর্থনে। এদিকে এই পরিস্থিতির মধ্যে বড় বিবৃতি দিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এদিন তিনি বলেছেন, নীতীশ কুমার যদি ইন্ডিয়া জোটে থাকতেন, তাহলে তিনি প্রধানমন্ত্রী হতে পারতেন। তাঁকে জোটের সমন্বয়ক বা অন্য কোনও বড় পদ দেওয়া যেত। এখন যে কাউকে প্রধানমন্ত্রী পদের জন্য বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
অখিলেশ যাদব এব্যাপারে কংগ্রেসকে দায়ী করেছেন। তিনি বলেছেন, কংগ্রেসকে এগিয়ে আসতে হবে। নীতীশ কুমারকে নিয়ে কংগ্রেসের যে অবস্থান দেখানো উচিত ছিল, তা হয়নি বলেও মন্তব্য করেছেন অখিলেশ যাদব। সমাজবাদী পার্টির প্রধান বলেছেন, তিনি চান নীতীশ কুমার ইন্ডিয়া জোটেই থাকুন। তিনিই উদ্যোগ নিয়ে ইন্ডিয়া জোট গঠন করেন বলে মন্তব্য করেছেন অখিলেশ।

সমাজবাদী পার্টির প্রধান বলেছেন, নীতীশ কুমারের অসন্তুষ্টির পিছনের কারণ নিয়ে আলোচনা করা যেতে পারে। তিনি (অখিলেশ) মনে করেন, এব্যাপারে কথা বললেন সমাধান সূত্র পাওয়া যাবে। কংগ্রেসের ন্যায় যাত্রা প্রসঙ্গে অখিলেখ যাদব বলেছেন, তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। যদি সমাজবাদী পার্টিকে ডাকা হয়, তাহলে তা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।
অখিলেশ যাদব বলেছেন, আসন বন্টন সঠিক সময়ে হওয়া উচিত। তাহলে প্রার্থীরা সঠিকভাবে মাঠে কাজ করতে পারেন। প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে রাহুল গান্ধীর নাম প্রসঙ্গে তিনি বলেছেন, নির্বাচনের পরে এব্যাপারে সিদ্ধান্ত হবে, কে এই পদে বসবেন। যে কেউ প্রধানমন্ত্রী হতে পারেন বলেও জানিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান।
লোকসভা নির্বাচনের প্রচারে রাহুল গান্ধীর সঙ্গে একসঙ্গে নামা প্রসঙ্গে অখিলেশ যাদব বলেছেন, এখনই এব্যাপারে বলা কঠিন। তাঁকে (রাহুল) নিয়ে কোনও প্রচার উত্তর প্রদেশে করা হবে কিনা, তা সময়ই বলবে বলে জানিয়েছেন অখিলেশ। পাশাপাশি অখিলেশ বলেছেন, তিনি প্রধানমন্ত্রী পদের দৌড়ে নেই। তবে সেখানে আঞ্চলিক দলগুলির শক্তি বেশি সেখানে তাদেরকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে ফের একবার সওয়াল করেছেন অখিলেশ।
রাম মন্দির প্রসঙ্গে অখিলেশ যাদব বলেছেন, বিজেপি বিষয়টি নিয়ে রাজনীতি করছে। পাশাপাশি রাম মন্দির থেকে বিজেপি ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি। এদিকে নীতীশ কুমার ২৮ জানুয়ারি ফের বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে ৪ ফেব্রুয়ারি বিহারের বেত্তিয়ায় প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর।












Click it and Unblock the Notifications