আস্থাভোটে জয়ী নীতিশকুমার
পাটনা, ১১ মার্চ : আস্থাভোটে ১৪০টি ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের পরীক্ষায় পুরো নম্বরে পাস করল নীতিশ কুমার নেতৃত্বাধীন সংযুক্ত জনতা দল।
প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মঞ্ঝির হয়ে যে বিধায়করা সমর্থনের হাত বাড়িয়েছিলেন এদিন তাদের মধ্যে অনেকেই নীতিশ কুমারের পক্ষে ভোট দিয়েছেন। এদিন অবশ্য কক্ষে উপস্থিতই ছিলেন না জিতনরাম মঞ্ঝি।
এদিকে এদিন শুরুতেই নীতিশ কুমারের বক্তৃতার প্রতিবাদে বিধানসভা কক্ষ থেকে ওয়াক আউট করে বিজেপি।

২০ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন জিতনরাম মঞ্ঝি। ইস্তফা দেওয়ার জন্য নীতিশ কুমারের সমর্থকরা তাঁকে ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন তিনি। পাশাপাশি ভোট নিজেদের পক্ষে আনতে মোটা টাকা দিয়ে বিধায়কদের প্রভাবিত করার চেষ্টা চলেছে বলেও অভিযোগ তুলেছিলেন। তাঁর দাবি ছিল, গোপন ভোট হলে অনেক বিধায়কই তাঁকে সমর্থন করবেন।
এদিকে এদিন প্রকাশ্যে 'লবি ভোটের' দাবি জানায় বিধানসভার নেতা বিজয়কুমার চৌধুরি। পাশাপাশি কতজন সরকার পক্ষকে সমর্থন করছে আর কতজন বিরোধীদের সমর্থন করছে সেই সংখ্যা নিয়ে বিভ্রান্তি এড়াতে রাষ্ট্রীয় জনতা দলও একই দাবি তোলেন।
ইতিমধ্যেই নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে রাজ্যপালের কাছে তাকে সমর্থন করা ১৩০ বিধায়কের নাম জমা দিয়েছিলেন। রাষ্ট্রীয় জনতা দল, কংগ্রেস, সিপিআই এবং নির্দল কয়েকজন বিধায়ক আগেই নিজেদের সমর্থন নীতিশ কুমারের জন্য জানিয়েছিল।
২৩৩ আসনের বিধানসভায় (১০ টি আসন ফাঁকা) সংখ্যাগরিষ্ঠতা পেতে নীতিশ কুমাররে প্রযোজন ছিল ১১৭টি ভোট।












Click it and Unblock the Notifications