দিল্লির দিকে নজর নীতীশের! উত্তরপ্রদেশকে লঞ্চপ্যাড বানাতে সপা’র সঙ্গে জোট চায় জেডিইউ
২০২৪-এর দিল্লির দিকে নজর নীতীশ কুমারের। বিহারের মুখ্যমন্ত্রী এখন থেকে সেই অঙ্ক কষাই শুরু করে দিয়েছেন। তিনি বিজেপির বিরুদ্ধে এই লড়াইয়ে উত্তরপ্রদেশকে লঞ্চপ্যাড বানাতে চান। চান সমাজবাদী পার্টির সঙ্গে জোট করে অ-যাদব ওবিসি ভোটগুলিতে একত্রিত করতে।
নীতীশ কুমার মনে করেন, সপা ও জেডিইউ যদি জোট করে ২০২৪-এ লড়াই করে, তবে তা তাদের জন্য ভালো হবে। তাহলে অ-যাজব ওবিসি ভোট ভাগ হবে না। কিন্তু অখিলেশকে ছাড়া এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। জনতা পার্টি যদি একত্রিত হতে পারে, তাহলে যে বিজেপি ফুৎকারে উড়ে যাবে, সেই বিশ্বাস রয়েছে তাঁর।

গত মাসে পাটনায় বিরোধী ঐক্যের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানেই জনতা দল ইউনাইটেড বা জেডিইউ উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে জোট বাঁধার পরিকল্পনা নেন। পূর্ব উত্তরপ্রদেশের ফুলপুর ও প্রতাপগড়ের দুটি লোকসভা আসনের দিকে নজর রেখেই তাঁর এই পরিকল্পনা বলে তিনি জানান।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার লোকসভা নির্বাচনে ফুলপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ভাবনাও মনের মধ্যে রেখেছেন বলে ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে। তাঁর এই ইচ্ছাই প্রমাণ করে এবার বিহার থেকে তিনি দিল্লির দিকে নজর দিতে চাইছেন। কুর্মি এবং যাদবদের ভোট একত্রিত করতেই তাঁর এই প্রয়াস বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
কুর্মি এবং যাদবরা উভয়ই অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত। এই শ্রেণির ভোটকে বিজেপির বিরুদ্ধে বিরোধী জোটের পক্ষে একত্রিত করতে চায় জেডিইউ। তবে জেডিইউ আদৌ উত্তরপ্রদেশে কোনো প্রভবা ফেলতে পারবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যায়। কেননা ২০১৯ সালের সাধারণ নির্বাচনে জেডিইউ মাত্র ০.০১ শতাংশ ভোট পেয়েছিল উত্তরপ্রদেশে।

জেডিইউ নিজে উত্তরপ্রদেশে প্রতিষ্ঠিত শক্তি নয়। এমন দলের সঙ্গে জোট করে কী ফায়দা হবে সমাজবাদী পার্টির, তা নিয়ে সন্দেহ থেকেই যায়। তবে নীতীশ কুমারের যে প্রধানমন্ত্রী হওয়ার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, তা বোঝা যায় তাঁর এই অভীপ্সা দেখে। তিনি বিজেপির বিরুদ্ধে বিরোধীদের একত্রিত করতে কাজ করছেন। আবার বিহারের বাইরে একটি আসন খুঁজছেন নিজের জন্য।
তবে ফুলপুরের ইতিহাস সর্বজনবিদিত। অতীতে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং ভিপি সিং এই নির্বাচনী এলাকা থেকে প্রতিনিধিত্ব করেছিলেন। এখান থেকে সমাজতান্ত্রিক মতাদর্শী রাম মনোহর লোহিয়া নির্বাচনে লড়েছিলেন। আর নীতীশ কুমার নিজে রাম মনোহর লোহিয়ার আদর্শে দীক্ষিত।
১৯৬২ সালে তিনি ফুলপুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাই ওবিসি অধ্যুষিত ফুলপুর তাঁর জন্য একটি আদর্শ আসন হবে বলে মনে করছেন নীতীশ কুমার। অ-যাদব ওবিসি ভোট বহুজন সমাজ পার্টির সঙ্গে ছিল। তারা গত ১০ বছরে বিজেপিতে চলে গেছে। সেই ভোট ফেরানোই নীতীশের লক্ষ্য।
২০২২ বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি সুপ্রিমো সভাপতি অখিলেশ যাদব ওবিসিদের একত্রিত করার প্রচেষ্টা শুরু করেছিলেন কিন্তু বিধানসভা নির্বাচনে খুব বেশি সাফল্য পাননি। যদি নীতীশ কুমার ফুলপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে তিনি কুর্মি এবং যাদব ভোটারদের একত্রিত করে বিজেপিকে পরাজিত করতে পারবেন বলে মনে করে তাঁর অনুগামীরা।












Click it and Unblock the Notifications