বিজেপি ও জেডিইউয়ের মধ্যে চওড়া হচ্ছে ফাটল! একমাসের মধ্যে দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর বৈঠক এড়ালেন নীতীশ কুমার
দিল্লিতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নীতি আয়োগের একটি বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার উপস্থিত থাকছেন না। এক মাসের মধ্যে দ্বিতীয়বার বিহারের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে উপস্থিত থাকলেন না। যার জেরে একাধিক রাজনৈতিক জল্পনা দেখা দিয়েছে। তবে এই বিষয়ে জেডিইউয়ের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নীতি আয়োগের সঙ্গে দ্বন্দ্ব নীতীশ কুমারের
নীতীশ কুমার সম্প্রতি করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। তাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগের একটি বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী সেই বৈঠকে উপস্থিত থাকবেন না বলেই জানা গিয়েছে। সূত্রের খর, নীতীশ কুমার উপ মুখ্যমন্ত্রীকে পাঠানোর অনুরোধ করেছিলেন। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। জানানো হয়, এটি শুধু মুখ্যমন্ত্রীদের বৈঠক। এই বৈঠকে মুখ্যমন্ত্রীর বাইরে কেউ উপস্থিত থাকতে পারবেন না। সূত্রের খবর, নীতি আয়োগকে বিশেষ পছন্দ করেন না নীতীশ কুমার। নীতি আয়োগ দেশের রাজ্যগুলোক উন্নয়নের ব়্যাঙ্কিংয়ে বিহারকে সব সময় পিছনের দিকে রাখে। সেটাই নীতীশ কুমারের অপছন্দের কারণ। সেখান থেকেই নীতীশ কুমার এই বৈঠকে উপস্থিত থাকছেন না।

নীতীশ কুমারের জনতার দরবার
বিহার প্রশাসনের তরফে জানানো হয়েছে, সোমবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জনতার দরবার আয়োজন করতে চলেছেন। যেখানে তিনি নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিহারের অন্যান্য সমস্যাও রাজ্যের নির্বাচিত প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন। গত কয়েক সপ্তাহ ধরে অন্যান্য ব্যস্ততার জন্য জনতার দরবার বন্ধ ছিল। সোমবার থেকে নতুন করে জনতার দরবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজেপির সঙ্গে নীতীশ কুমারের দুরত্ব বাড়ছে
এর আগে অমিত শাহ বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মানে একটি নৈশভোজে রাজ্যের অন্যান্য মুখ্যমন্ত্রীদের সঙ্গে নীতীশ কুমারকে আমন্ত্রণ জানানো হয়। সেই নৈশ্যভোজের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই নৈশ্যভোজের অনুষ্ঠানেও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার অনুপস্থিত ছিলেন। ২০২০ সালে বিহারে বিজেপি ভালো ফল করলেও জেডিইউয়ের সঙ্গে জোটে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কিন্তু ক্রমেই বিজেপির সঙ্গে জেডিইউয়ের দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে থাকে। বর্তমানে দুই দলের মধ্যে দ্বন্দ্ব নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি অগ্নিপথ প্রকল্প নিয়ে জেডিইউ সরাসরি কেন্দ্রের বিরোধিতা করে। বিহারের বিধানসভার স্পিকার বিজেপি বিধায়ক বিজয় কুমার সিনহার সঙ্গে নীতীশ কুমারের বাগযুদ্ধ সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছিল।












Click it and Unblock the Notifications