মিশন ২০২৪: বিরোধী ঐক্য গড়তে এবার নবীন-কেসিআরের দুয়ারে কড়া নাড়তে যাচ্ছেন নীতীশ
২০২৪-এ বিরোধী ঐক্য গড়তে এখন ময়দানে নেমেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে এসেছিলেন ডেপুটি তেজস্বী যাদবকে নিয়ে। এবার তিনি নবীন পট্টনায়কের দুয়ারে কড়া নাড়তে যাচ্ছেন। নীতীশ কুমার কেসিআরের দুয়ারেও কড়া নাড়বেন মহাজোটের লক্ষ্যে।
বিরোধী ঐক্যকে পূর্ণমাত্রা দেওয়াই লক্ষ্য নীতীশ কুমারের। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পরই নীতীশ ভারত বিজয়ে নেমে পড়েছেন। একে একে তিনি সমস্ত বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করছেন। বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে তিনি এক মঞ্চে আনার চেষ্টা করছেন।

নীতীশ কুমার নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর লখনউয়ে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেছেন। তাঁদের মধ্যে জোট আলোচনা হয়েছে। নীতীশের পরবর্তী লক্ষ্য ওড়িশা। তেলেঙ্গানাতেও তিনি যাবেন, সার্বিক জোটের লক্ষ্যে আলোচনা করবেন।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য বিজেপি-বিরোধী জোট বাঁধতে তাঁর প্রথম লক্ষ্য বিরোধী দলগুলিকে একত্রিত করা। সেজন্যই ভারত অভিযানে নেমেছেন নীতীশ। তবে নবীন পট্টানায়ক ও কেসিআরের সঙ্গে বৈঠকের তারিখ এখনো ঠিক হয়নি বলেও জানান তিনি।

নীতীশ কুমারের সঙ্গে বিজেডির বৈঠকের তাৎপর্যপূর্ণ রয়েছে। উভয় দলই এককালে এনডিএ-তে ছিল। তারপর এখন তারা এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছে। বিজেডি ২০০৮ সালে এনডিএ থেকে বেরিয়ে যাওয়ার পর কংগ্রেস এবং বিজেপি থেকে সমান দূরত্ব বজায় রেখে চলছেন। তবে সংসদে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস করার সময় বিজেপি সরকারকেই সমর্থন করতে দেখা গিয়েছে নবীন পট্টনায়ককে।
নীতীশকুমার ও নবীন পট্টনায়েক উভয়েরই দীর্ঘ বন্ধুত্ব রয়েছে। ফলে তাদের জোটবদ্ধ হওয়া অনেক সহজ। যাঁরা কংগ্রেসের সঙ্গে সমদূরত্ব রেখে চলছেন তাঁদের কাছে নীতীশ যাচ্ছেন এক জোট হওয়ার বার্তা নিয়ে। এখন দেখার তিনি এই জোট বার্তায় কতটা সাড়া পান পুরনো বন্ধুর কাছ থেকে।

নীতীশ কুমার বা নবীন পট্টানায়কের দল ইউনাইটেড জনতা দলের অংশ ছিল। এই মর্মে নীতীশ কুমার বলেন, জনতা দলের বিচ্ছিন্ন অংশের নেতাদের নিয়ে ১৯৯৭ সালে বিজেডি গঠিত হয়েছিল। নবীনের বাবা বিজু পট্টনায়েক লোকদল এবং জনতা পার্টিতেও আমাদের নেতা ছিলেন। পুরনো এই সম্পর্ক কাজে লাগাতে মরিয়া নীতীশ।
অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডির সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছেন নীতীশ কুমার। তবে এ ব্যাপারে এখনও কোনো আলোচনা হয়নি। ওয়াইএসআরসিপিকে বিজেপির ঘনিষ্ঠ হিসেবে দেখা গিয়েছে এতদিন। তাঁকেও বিরোধী মঞ্চে টানার চেষ্টা চালাবেন নীতীশ।












Click it and Unblock the Notifications