নতুন মুখ, নতুন বার্তা! বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে নিতিন নবীন, আজ শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এঁরা
আজ থেকেই বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন নিতিন নবীন। এই গুরুত্বপূর্ণ পদে বসতে যাওয়া নিতিনই হলেন বিজেপির ইতিহাসে কনিষ্ঠতম সর্বভারতীয় সভাপতি। আজ আনুষ্ঠানিক শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জে পি নাড্ডার পর দলের সর্বোচ্চ সাংগঠনিক দায়িত্ব সামলাবেন নিতিন নবীন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নিতিন নবীন। দলের রিটার্নিং অফিসার কে লক্ষ্মণ জানিয়েছেন এজ, মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর নিতিন নবীনের বিপক্ষে আর কোনও প্রার্থীকে দেখাই যায়নি। এই কারণে সর্বসম্মত ভাবেই তিনিই জয়ী। আজি তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
গত ডিসেম্বর মাসে নিতিন নবীনকে বিজেপির কার্যনির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সময় থেকেই কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে দলের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে তুলে ধরছিল। সভাপতি নির্বাচিত হওয়ার আগের দিনই অর্থাৎ গতকাল রাতে তিনি বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, নেতা অমিতাভ চক্রবর্তী, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য এবং সুনীল বনসল।
সূত্রের খবর অনুসারে, সেই বৈঠকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের ভিতরের শক্তি-দুর্বলতা এবং বিশেষ করে SIR সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নিতিন নবীন নিজেই খুঁটিনাটি সমস্তকিছু জানতে চেয়েছেন। রাজ্যে সংগঠন আরও কীভাবে শক্ত করা যায়, সেই নিয়েও তিনি মতামত নিয়েছেন।
জানা যাচ্ছে যে, সভাপতি নির্বাচিত হওয়ার পর চলতি মাসের মধ্যেই তিনি হয়তো পশ্চিমবঙ্গ সফরে আসতে পারেন। সেই সময় রাজ্য সংগঠনের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে তাঁর পৃথক ভাবে বৈঠক করার পরিকল্পনাও রয়েছে।
নিতিন নবীনের রাজনৈতিক যাত্রাপথও বেশ উল্লেখযোগ্য। তাঁর বাবা প্রয়াত নবীন কিশোর সিনহা ছিলেন বিজেপির প্রবীণ নেতা। ২০১০ সালে প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন নিতিন নবীন। আর তারপরেই বাঁকিপুর কেন্দ্র থেকে জয়ী হন। তারপর থেকে তিনি টানা সেই আসনেই জিতে আসছেন।
মাত্র ৪৫ বছর বয়সেই সংগঠনের শীর্ষ পদে পৌঁছে নিতিন নবীন। তিনি যে বিজেপির ভবিষ্যৎ নেতৃত্বের মুখ হয়ে উঠছেন, তা স্পষ্ট। নতুন সভাপতির নেতৃত্বে দল কোন পথে এগোয়, সেদিকেই এখন রাজনৈতিক মহলের নজর রয়েছে।












Click it and Unblock the Notifications