Garland Of Onions: মহারাষ্ট্রের মন্ত্রীর গলায় পেঁয়াজের মালা পরালেন কৃষক, অভিনব প্রতিবাদের কারণ কী?
Garland Of Onions: মহারাষ্ট্রে অভিনব প্রতিবাদের মুখে পড়লেন মৎস্য ও বন্দরমন্ত্রী নিতেশ রাণে। তাঁর গলায় পেঁয়াজের মালা পরানোর ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
গতকাল রাতের ঘটনা। বাগলান তালুকার চিরাই গ্রামে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নিতেশ। সেখানেই আচমকা তাঁকে পেঁয়াজের মালা পরান এক কৃষক।

জানা গিয়েছে, সন্ত নিবৃত্তিনাথ মহারাজের পাদুকা দর্শনের অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী। সেখানেই ওই ঘটনাটি ঘটে। স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েন মন্ত্রী। তবে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে পেঁয়াজের মালা খোলার সময় তাঁর মুখে হাসি রয়েছে।
মঞ্চে হাজির ছিলেন নিতেশ। যে ব্যক্তি পেঁয়াজের মালা নিয়ে উঠছিলেন তাঁকে নিরাপত্তাকর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করেন। যদিও নিতেশ রাণে ওই ব্যক্তিকে তাঁর কাছে আসার অনুমতি দেন। মালা পরাতেও বাধা দেননি। যদিও এই ঘটনার পর ওই ব্যক্তিকে কয়েক ঘণ্টার জন্য আটক করে পুলিশ। পরে ছেড়েও দেয়।
পেঁয়াজের দাম ক্রমেই কমছে। ফলে বিপাকে পড়েছেন কৃষকরা। জানা গিয়েছে, যে মাহিন্দ্রা লাহু সূর্যবংশী গতকাল মন্ত্রীকে পেঁয়াজের মালা পরিয়ে দেন তিনি নিজেও কৃষক। পেঁয়াজের দাম ক্রমেই কমে চলার জেরে যে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা, মন্ত্রীকে মালা পরিয়ে তারই প্রতিবাদ জানানো হয়েছে।
महाराष्ट्र सरकार में कैबिनेट मंत्री नितेश राणे को नाशिक में एक कार्यक्रम के दौरान एक किसान ने स्टेज पर पहुंचकर प्याज़ की माला पहना दी, जिसके बाद उसे हिरासत में ले लिया गया! #NiteshRane #Onion #Farmers pic.twitter.com/8ZUBkfR8ew
— Hayat Abbas naqvii🇮🇳 (@hayatabbas110) December 24, 2024
মন্ত্রী নিতেশকে পেঁয়াজের মালা পরানোর পর মাইকে কিছু বলতে যাচ্ছিলেন ওই কৃষক। কিন্তু তার আগেই তাঁকে নিরাপত্তারক্ষীরা সরিয়ে দেন। পেঁয়াজের দাম কমার প্রতিবাদে গত বৃহস্পতিবার নাসিকের বৃহত্তম পাইকারি বাজার লাসালগাঁও এপিএমসিতে পেঁয়াজের নিলাম বা দর কষাকষি কিছুক্ষণের জন্য বন্ধ রেখে প্রতিবাদে সরব হয়েছিলেন কৃষকরা।
কৃষকদের দাবি, গত ১০ দিনে কুইন্টাল পিছু পেঁয়াজের দাম ২ হাজার টাকা কমে গিয়েছে। এই আবহে ২০ শতাংশ রফতানি শুল্ক প্রত্যাহার করুক সরকার। সেই সঙ্গে প্রতি কুইন্টালে ১০০০ থেকে ১২০০ টাকা আর্থিক সহায়তার বন্দোবস্ত করা হোক।












Click it and Unblock the Notifications