Constitution Debate: “বিরোধীদের জেলে পাঠিয়ে সংবিধানে কাটাছেঁড়া,” কংগ্রেসকে আক্রমণ নির্মলার; পাল্টা খাড়গে
Constitution Debate: সংবিধান বিতর্কে সোমবার ফের উত্তপ্ত হল রাজ্যসভা (Rajya Sabha)। বিজেপি ও কংগ্রেসের মধ্যে বাদানুবাদে উঠে এল নেহরু, ইন্দিরা থেকে বাংলাদেশ প্রসঙ্গও। সংসদের উচ্চকক্ষে সংবিধান বিতর্কে প্রথম ভাষণ রাখেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। কংগ্রেস জমানায় সংবিধানের কাটাছেঁড়া নিয়ে তীব্র কটাক্ষ করেন নির্মলা।
সংবিধান নিয়ে বিতর্কে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের (Jairam Ramesh) সঙ্গে তুমুল তর্কাতর্কিতে জড়ান নির্মলা সীতারামন। ১৯৭৬ এর জরুরি অবস্থা চলাকালীন সংবিধানে ইন্দিরা গান্ধী (Indira Gandhi) সরকারের আনা ৪২ তম সংশোধনী (42nd Amendment) নিয়ে এদিন আক্রমণ শানিয়ে নির্মলা বলেন, জরুরি অবস্থা আরোপের ফলশ্রুতি হিসেবে জনতা মুখ ফিরিয়েছিলেন ইন্দিরা গান্ধীর থেকে।

পাল্টা জয়রাম রমেশ মনে করিয়ে দেন, পরাজয় মেনেই ১৯৭৮ সালে ৪৪ তম সংশোধনী এনে ৪২ তম সংশোধনীর বেশকিছু অংশ ছেঁটে ফেলা হয়। তার সপক্ষে ভোটও দিয়েছিলেন ইন্দিরা। ভুল বুঝতে পেরেই ৪৪ তম সংশোধনীর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেন বিজেপি সাংসদ জেপি নাড্ডা। নির্মলা অবশ্য থামেননি। কংগ্রেসকে একের পর এক আক্রমণ করতে থাকেন তিনি।
নির্মলা বলেন, "দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় ৫০টিরও বেশি দেশ স্বাধীন হয়েছিল। এরপর তাদের সংবিধান লেখা হয়। তারপর থেকে বহু দেশ সংবিধানে বদল এনেছে। শুধু সংশোধনী নয়, সংবিধানের গোটা চরিত্রই বদলানো হয়েছে সেই সমস্ত দেশে।"
কিন্তু ভারতের সংবিধান সেই থেকে একই রয়েছে বলে দাবি নির্মলার। "স্রেফ কংগ্রেসের সমালোচনা করায় 'নেহরু' নামের বই ও 'কিসসা কুর্সি কা' সিনেমাও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল বলে এদিন নিশানা করেন অর্থমন্ত্রী।
নির্মলা আরও বলেন, পরিবারবাদের সমর্থনে সুবিধামতো সংবিধানে সংশোধনী এনেছে কংগ্রেস। এমনকি সমস্ত বিরোধীদের জেলে বন্দি করে সংবিধানের প্রস্তাবনাই পাল্টে ফেলে কংগ্রেস। সংবাদমাধ্যমের স্বাধীনতাও খর্ব করা হয় বলে অভিযোগ নির্মলার। অর্থমন্ত্রীর অলআউট আক্রমণের পর পাল্ট আসরে নামেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
নির্মলাকে নিশানা করে খাড়গে বলেন, "জেএনইউয়ের পড়ুয়ারা প্রগতিশীল চিন্তাধারার, কিন্তু কেউ কেউ আবার এখানে গণতন্ত্রই শেষ করে দিতে চান।" এরপর কংগ্রেস জমানায় হওয়া উন্নয়নের কথা তুলে ধরেন খাড়গে। বলেন, "স্বাধীনতার পর ভারতই প্রথম দেশ যারা সকলকে ভোটাধিকার প্রয়োগের অধিকার দেয়। মহিলাদেরও ভোটাধিকার প্রদান করা হয়। যারা স্বাধীনতার জন্য লড়েইনি, তারা কীভাবে স্বাধীনতার মর্ম বুঝবেন?"
বাংলাদেশ প্রসঙ্গ টেনেও খাড়গে এদিন বলেন, আজকের দিনেই ইন্দিরা গান্ধীর সরকার বাংলাদেশকে মুক্তি এনে দিয়েছিল। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রকে যথাযথ পদক্ষেপ নিতে সওয়াল খাড়গের। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেন খাড়গে। মোদী অতীতে বিরাজ করেন বলে কটাক্ষ খাড়গের। ভালো হত যদি প্রধানমন্ত্রী বর্তমানে কী কী কাজ করেছেন তা ধরতেন, কটাক্ষ মল্লিকার্জুন খাড়গের।












Click it and Unblock the Notifications