মোদী সরকারে অর্থমন্ত্রী হয়ে কোন ইতিহাস ছুঁলেন নির্মলা সীতারমন
ফের একবার নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ আদায় করে নিলেন নির্মলা সীতারমন।
ফের একবার নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ আদায় করে নিলেন নির্মলা সীতারমন। প্রতিরক্ষা মন্ত্রী থেকে এবার তিনি হলেন দেশের অর্থমন্ত্রী। মন্ত্রিসভার ষষ্ঠ গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন তিনি। একইসঙ্গে তাঁকে কর্পোরেট বিষয়ক মন্ত্রকের দায়িত্বও দেওয়া হয়েছে। অরুণ জেটলির স্থলাভিষিক্ত হবেন নির্মলা।

নতুন মোদী সরকারে তিনি থাকতে ইচ্ছুক নন বলে জেটলি আগেই জানিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি পদ গ্রহণ করতে চান না। তবে বাইরে থেকে কোনও কাজ দিলে তিনি তা পালনের চেষ্টা করবেন বলে জানান জেটলি। তারপরই এদিন নির্মলার নাম ঘোষণা হয়।
মোদীর মন্ত্রিসভায় যে তিনজন ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন, নির্মলা তাঁদের একজন। এর আগে তিনি ২০১৭ সালে প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব পান। এই দায়িত্ব পাওয়ার ফলে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পর দ্বিতীয় মহিলা হিসাবে অর্থমন্ত্রক সামলাবেন।
নির্মলা সীতারমন ২০১৬ সাল থেকে রাজ্যসভার সদস্য ছিলেন। তার আগে ২০১৪-২০১৬ অন্ধ্রপ্রদেশ থেকে রাজ্যসভায় ছিলেন। ২০১০-১৪ সাল পর্যন্ত তিনি বিজেপির মুখপাত্র ছিলেন।
তামিলনাড়ুতে জন্মগ্রহণ করা নির্মলা অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে তিনি বিদেশে চাকরি করতেন। তারপর পাকাপাকিভাবে রাজনীতিতে প্রবেশ করেন।












Click it and Unblock the Notifications