ফের নিপা আতঙ্ক কেরলে, আক্রান্ত সন্দেহে ৩১১ জনকে রাখা হয়েছে পর্যবেক্ষণে
বছর ঘুরতে না ঘুরতেই ফের নিপা ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করেছে কেরলে। ইতিমধ্যেই এর্নাকুলাম জেলায় ২৩ বছরের এক ছাত্রের শরীরে নিপা ভাইরাস পাওয়া গিয়েছে।
বছর ঘুরতে না ঘুরতেই ফের নিপা ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করেছে কেরলে। ইতিমধ্যেই এর্নাকুলাম জেলায় ২৩ বছরের এক ছাত্রের শরীরে নিপা ভাইরাস পাওয়া গিয়েছে। পুণের ইনস্টিটিউট অব ভাইরোলজিতে ছাত্রের রক্ত পরীক্ষায় নিপা ভাইরাস পাওয়া গিয়েছে। তাঁর সংস্পর্শে থাকা ৮ জনকে হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রের তরফে একটি বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে কেরলে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা জানিয়েছেন, কেরলের বিভিন্ন জেলায় নিপা ভাইরাস আক্রান্ত সন্দেহে ৩১১ জনকে আলাদা করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এরনাকুলামের যে ছাত্রের শরীরে নিপা ভাইরাস পাওয়া গিয়েছে তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বলে জানা গিয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, ছাত্রের জ্বর অনেকটাই কমেছে। তবে হোস্টেলে ওই ছাত্রের সঙ্গে থাকা আরও দুই য়ুবকের জ্বর এখনও কমেনি। তাঁদের সকলকেই কুমারস্বামী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
কেরলের স্বাস্থ্যমন্ত্রী শৈলজা জানিয়েছেন নিপা ভাইরাসে আক্রান্ত ছাত্রের অবস্থার উন্নতি হলেও এখনও ভেন্টিলেশনে রয়েছেন তিনি। যতটা সম্ভব সুচিকিৎসা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আক্রান্তদের। সরকারি ভাবে ৩১১ জনকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। এঁরা সকলেই এই হাসপাতালের রোগী এবং কোনও না কোনও ভাবে নিপায় আক্রান্ত ছাত্রের সংস্পর্শে ছিলেন।
গত বছর কেরলে নিপা ভাইরাস মহামারীর আকার নিয়েছিল। প্রায় ১৭ জনের প্রাণ গিয়েছিল। ফল খেকো এক বিশেষ প্রজাতির বাদুড়ের শরীরে থাকে এই নিপা ভাইরাস।












Click it and Unblock the Notifications