ক্রমাগত করোনা কেস বৃদ্ধি, দিল্লিতে ৩০ এপ্রিল পর্যন্ত জারি নৈশ কার্ফু
দিল্লিতে ৩০ এপ্রিল পর্যন্ত জারি নৈশ কার্ফু
ক্রমাগত কোভিড–১৯ কেস বৃদ্ধির ফলে দিল্লি সরকার নৈশ কার্ফু জারি করার সিদ্ধান্ত নিয়েছে, যা মঙ্গলবার থেকেই কার্যকর হবে। গত ২৪ ঘণ্টায় জাতীয় রাজধানীতে নতুন করোনা কেস সনাক্ত হয়েছে ৩,৫৪৮ এবং পজিটিভ কেসের হার ৫.৫৪ শতাংশ এবং মৃত্যু হয়েছে ১৫ জনের।

দিল্লিতে নৈশ কার্ফু জারি হল
দিল্লি সরকারের এক শীর্ষ কর্মকর্তা বলেন, 'বর্তমানে দিল্লিতে যেভাবে করোনা কেস বৃদ্ধি পাচ্ছে তাতে নৈশ কার্ফু জারি করার মতো মুখ্য সিদ্ধান্ত নিতেই হত। রাত ১০টা থেকে ভোর পাঁচটা ৩০ এপ্রিল পর্যন্ত এই কার্ফু জারি থাকবে। জরুরি পরিষেবাগুলিকে ছাড় দেওয়া হয়েছে।' প্রসঙ্গত, কেন্দ্র সরকার বারংবার রাজ্যগুলির সঙ্গে বৈঠক ও লিখিতভাবে জানিয়েছে যে নয় রাত্রিকালীন কার্ফু নতুবা সংক্ষিপ্ত/ সপ্তাহান্তের লকডাউন জারি করা হোক কোভিড সংক্রমের চেইন ভাঙার জন্য। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন যে রাজধানীতে চতুর্থ করোনা ওয়েভ চলছে কিন্তু তা বলে লকডাউন কখনই এর সমাধান হতে পারে না।

মহারাষ্ট্র জারি নৈশ কার্ফু
১৫ মার্চ মহারাষ্ট্র সরকারকে লেখা এক চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেন, 'নৈশ কার্ফু, সপ্তাহান্তে লকডাউন ইত্যাদি সতর্কতা অবলম্বন করতে হবে। জেলা প্রশাসনকে জোরদার ও কার্যকর কনটেইনমেন্ট কৌশল সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের কোভিড বিধি অনুসরণ করতে হবে।' মহারাষ্ট্র ইতিমধ্যে রাজ্যে নৈশ কার্ফু জারি করে দিয়েছে।

রেস্তোরা–ক্লাবে কোভিড নিয়ম ভঙ্গ
দিল্লি সরকার জানিয়েছে যে নাইট ক্লাব ও রেস্তোরাঁতে একাধিক নিয়ম ভঙ্গের ঘটনা নজরে পড়েছে পুলিশের। দিল্লিবাসী অত্যন্ত উদাসীনভাবে আচরণ করছেন, এভাবেই যদি নিয়ম ভঙ্গ হতে থাকে তবে রাজধানীতে করোনা কেস নিয়ন্ত্রণে আসবে কি করে, প্রশ্ন তুলেছে সরকার।

করোনা টেস্ট হ্রাস
দিল্লিতে রবিবার আরও একবার করোনা টেস্টের সংখ্যা হ্রাস পেল। এদিন মাত্র ৭৩,৯৬০ জনের টেস্ট হয়েছে, যার মধ্যে ২০ হাজার জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয় বলে জানা গিয়েছে। হোলির সপ্তাহের আগে করোনা টেস্টের সংখ্যা সাধারণভাবে ৯০ হাজার বা তার বেশি থাকত প্রতিদিন। কিন্তু হোলির পরই সেই সংখ্যা কমে আসে এবং তা এখন গিয়ে দাঁড়িয়েছে ৭০-৮০ হাজারে।












Click it and Unblock the Notifications