'মোস্ট ওয়ান্টেড' দাউদ ইব্রাহিম, ছোটা শাকিলের বিরুদ্ধে চার্জশিট পেশ করল NIA
দাউদ ইব্রাহিম, ছোটা শাকিল ও আরও তিনজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল এনআইএ। ডি কোম্পানির নামে সন্ত্রাসবাদী সংগঠন চালানোর অভিযোগের ভিত্তিতেই এই চার্জশিট পেশ করা হয়েছে। ভারতে ওই সংস্থার তরফে নানা ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ
দাউদ ইব্রাহিম, ছোটা শাকিল ও আরও তিনজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল এনআইএ। ডি কোম্পানির নামে সন্ত্রাসবাদী সংগঠন চালানোর অভিযোগের ভিত্তিতেই এই চার্জশিট পেশ করা হয়েছে। ভারতে ওই সংস্থার তরফে নানা ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানো হয়েছে বলে অভিযোগ।

শেখ দাউদ হাসান ওরফে দাউদ ইব্রাহিম এবং শাকিল শেখ ওরফে ছোটা শাকিলের নাম ছাড়াও চার্জশিটে নাম রয়েছে আরও তিনজনের। আরিফ আবুবকর শেখ, শাবির আবুবকর শেখ ও মহম্মদ সেলিম কুরেশির নাম রয়েছে।
এনআইএ তদন্তে উঠে এসেছে, এই পাঁচজন অপরাধের চক্র চালাতেন। নানা ধরনের অবৈধ কার্যকলাপ চালাতেন বলেও অভিযোগ উঠেছে। এনআইএ-র মুম্বই শাখায় একটি মামলা দায়ের হয়েছে গত ৩ ফেব্রুয়ারি। অবৈধ কার্যকলাপ সংক্রান্ত আইনের ১৭,১৮,২০ ও ২১ নম্বর ধারায় অভিযোগ দায়ের হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৮৭, ২০১ ও ১২০ বি ধারায় এই মামলা হয়েছে। উঠেছে সংগঠিত অপরাধের অভিযোগও।
এনআইএ-র তরফে জানানো হয়েছে, সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য বিপুল টাকা সংগ্রহ করছিল ওই সংগঠন। মানুষকে মৃত্যুর ভয় দেখানো, হামলা করার মতো অভিযোগও উঠেছে। এভাবে ডি কোম্পানি ভারতের মানুষের মধ্যে ভয়ের সঞ্চার করেছে ও ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
চার্জশিটে উল্লেখ করা হয়েছে, হাওয়ালার মাধ্যমে ওই পাঁচ অভিযুক্তের হাতে প্রচুর টাকা যায়। বিদেশে রয়েছে, এমন অপরাধীদে ও সন্ত্রাসবাদীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলেও অভিযোগ। আর সেই টাকাতেই মুম্বই সহ ভারতের বিভিন্ন জায়গায় সন্ত্রাস ছড়ানো হয়েছে বলে অভিযোগ।
দাউদের বিরুদ্ধে অভিযোগ, পাক গুপ্তচর সংস্থা আইএসআই ও অন্যান্য সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে একযোগে কার্যকলাপ চালাচ্ছেন তিনি। দেশের একাধিক জায়গায় তল্লাশি চালানোর পরই এই চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় সংস্থা এনআইএ। ২০০৩ সালে দাউদের মাথার দামও ধার্য করা হয়েছিল। ২৫ লক্ষ মিলিয়ন ডলার বা ২০৪ কোটি টাকা ছিল তাঁর মাথার দাম।
জানা যায়, দাউদ আর শাকিল দুজনের বর্তমানে পাকিস্তানে রয়েছেন। দাউদের অবস্থান নিয়ে বিভিন্ন সময় ভারতের গোয়েন্দাদের হাতে নানা তথ্যও এসেছে। শোনা যায়, পাক সংস্থা আইএসআই নিরাপত্তা দেয় দাউদকে। সেই ঘেরাটোপেই থাকেন তিনি। আগে থেকেই মোস্ট ওয়ান্টেড-এর তালিকায় ছিলেন দাউদ। আর এবার চার্জশিটে উঠল তাঁর নাম। যদিও এখনও পর্যন্ত দাউদকে হাতেনাতে পায়নি ভারত। তবে পাকিস্তানই দাউদকে লুকিয়ে রেখেছে তা কার্যত স্পষ্ট।












Click it and Unblock the Notifications