ইঁদুরের কামড়ে দুই সদ্যোজাতর মৃত্যু! হাসপাতালকে নোটিশ জাতীয় মানবাধিকার কমিশনের
ইন্দোরের সরকারি মহারাজা যশবন্তরাও হাসপাতালে ইঁদুরের কামড়ে দুই সদ্যোজাত শিশুর মৃত্যুর ঘটনায় মধ্যপ্রদেশের সরকারের কাছে নোটিশ পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। গত ৫ সেপ্টেম্বর এই নোটিশ জারি করা হয়েছে মধ্যপ্রদেশ সরকারের জনস্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা বিভাগের প্রধান সচিব এবং ইন্দোর জেলার কালেক্টরের কাছে।
ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন-এর এই পদক্ষেপটি আসলে একটি অলাভজনক সংস্থা 'নেটওয়ার্ক ফর অ্যাক্সেস টু জাস্টিস'-এর গত ৩ সেপ্টেম্বরের অভিযোগের ভিত্তিতে। নোটিশে এনএইচআরসি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যে, তারা যেন এই বিষয়ে তদন্ত করে এবং ১০ দিনের মধ্যে একটি অ্যাকশন-টেকেন রিপোর্ট জমা দেয়।

গত ৩০ ও ৩১ অগাস্ট, মধ্যপ্রদেশের বৃহত্তম সরকারি হাসপাতালগুলির মধ্যে অন্যতম যশবন্তরাও হাসপাতালের নবজাতক এনআইসিইউ-তে (NICU) অন্তত দুটি নবজাতক শিশুকন্যা ইঁদুরের কামড়ে আক্রান্ত হয়। পরে ২ ও ৩ সেপ্টেম্বর শিশুদুটি মারা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ এই মৃত্যুর কারণ হিসেবে যথাক্রমে নিউমোনিয়া ও সেপ্টিসেমিয়াকে দায়ী করেছে।
যদিও চিকিৎসকরা এখনও দাবি করে চলেছেন যে ইঁদুরের কামড়ে মৃত্যু হয়নি এবং শিশু দুটি জন্মগত ত্রুটির কারণে আগে থেকেই গুরুতর অসুস্থ ছিল। তবে মৃতদের মধ্যে একজনের পরিবার হাসপাতালের প্রশাসনের বিরুদ্ধে অবহেলা এবং তাদের অন্ধকারে রাখার অভিযোগ এনেছে। তারা বলেছে যে হাসপাতাল তাদের সন্তানের মৃত্যুর বিষয়ে পাঁচ দিন ধরে জানায়নি।
রবিবার পরিবারটি ধারের রূপওয়ারা গ্রামে তাদের মেয়ের শেষকৃত্য সম্পন্ন করে। স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, শিশুর নিথর দেহের কাপড় খুলে শেষকৃত্যের সময় দেখা যায় যে শিশুটির এক হাতের চারটি আঙুলে ইঁদুরের কামড় রয়েছে। এনএইচআরসি নোটিশে বলেছে, "অভিযোগকারী জানিয়েছেন যে এই ভয়াবহ ঘটনাটি গুরুতর চিকিৎসা অবহেলা এবং মৌলিক স্বাস্থ্যবিধি ও রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থতার ইঙ্গিতবাহী।"
কমিশন আরও যোগ করে, "এই ধরনের ত্রুটি শুধুমাত্র জনস্বাস্থ্য ব্যবস্থায় নাগরিকদের বিশ্বাস ভঙ্গ করে না, বরং সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী জীবন ও স্বাস্থ্যের অধিকারের গুরুতর লঙ্ঘনও বটে।"
এই ঘটনার পর হাসপাতালের প্রশাসন দুই নার্সিং কর্মীকে বরখাস্ত করেছে এবং নার্সিং সুপারিনটেনডেন্টকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া, কীটপতঙ্গ নিয়ন্ত্রণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য চুক্তিপ্রাপ্ত একটি বেসরকারি সংস্থাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।












Click it and Unblock the Notifications