সেলিব্রিটি ম্যানেজার দিশা স্যালিয়ান মৃত্যু রহস্যে নয়া মোড়, নাম জুড়ল আদিত্য ঠাকরে
বলিউড সেলিব্রিটি ম্যানেজার দিশা স্যালিয়ানের মৃত্যু মামলা আবারও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। তার বাবা সতীশ স্যালিয়ান বম্বে হাইকোর্টে মামলা দায়ের করে শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরের বিরুদ্ধে এফআইআর দাবি করেছেন। তিনি অভিযোগ করেছেন, তাঁর মেয়েকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে এবং প্রভাবশালী ব্যক্তিদের বাঁচাতে রাজনৈতিক চাপ প্রয়োগ করা হয়েছে।
গত, ৮ জুন ২০২০-এ মুম্বইয়ের মালাড এলাকায় একটি বহুতল ভবনের ১৪ তলা থেকে পড়ে দিশার মৃত্যু হয়। ২০২৩ সালে মুম্বই পুলিশ এসআইটি (SIT) গঠন করে এবং দিশার মৃত্যু "দুর্ঘটনাজনিত" বলে ঘোষণা করে। কিন্তু, পরিবারের অভিযোগ - মুম্বই পুলিশ ফরেনসিক ও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য উপেক্ষা করে তদন্ত বন্ধ করে দিয়েছে।

কেন তদন্তের দাবি জানাচ্ছেন দিশার বাবা? সতীশ স্যালিয়ান সিবিআই তদন্তের জন্য আদালতে আবেদন করেছেন। তাঁর দাবি, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ এবং দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তারা মামলাটি ধামাচাপা দিয়েছেন। তিনি আদালতে দাবি করেছেন, আদিত্য ঠাকরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক।
দিশা স্যালিয়ান ও সুশান্ত সিং রাজপুতের মৃত্যু: কোনও কি যোগসূত্র রয়েছে?
দিশার মৃত্যুর মাত্র ছয় দিন পর, ১৪ জুন ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যু ঘটে। কিছু মহল থেকে দাবি করা হয়, এই দুটি মৃত্যু একে অপরের সঙ্গে সংযুক্ত। তবে মুম্বই পুলিশ বারবার জানিয়েছে, দিশার মৃত্যুর সঙ্গে সুশান্তের কোনও সম্পর্ক নেই।
দিশা তার বাবা-মায়ের সঙ্গে দাদারে থাকতেন, পরে বাগদত্তা রোহন রায়ের সঙ্গে মালাডে চলে যান। রোহন রায় মালাডের "রিজেন্ট গ্যালাক্সি" বিল্ডিংয়ের ১৪ তলায় একটি ফ্ল্যাট কিনেছিলেন, সেখানেই দিশার দেহ মেলে। ২০২০ সালে রোহন অভিনেত্রী শিন দাসকে বিয়ে করেন।
আপাতত, নতুন করে দিশার মৃত্যু রহস্য সকলের সামনে চলে আসায় নতুন নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। মুম্বই পুলিশ বলছে, দিশার মৃত্যু দুর্ঘটনাজনিত, কিন্তু তার পরিবার আদালতে নতুন তদন্তের দাবি তুলেছে। আদিত্য ঠাকরের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আসায় মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। আপাতত, পরবর্তী শুনানিতে আদালত কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার বিষয়।












Click it and Unblock the Notifications