উত্তর প্রদেশে নতুন পর্যটন কেন্দ্র বাজপেয়ীর পৈতৃক গ্রাম! শহরের সঙ্গে যুক্ত হচ্ছে হেলিকপ্টার পরিষেবার মাধ্যমে
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর পৈতৃক গ্রাম উত্তর প্রদেশের আগ্রা জেলার বটেশ্বরকে শীঘ্রই একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। স্থানীয় বিজেপি বিধায়ক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আগ্রার কাছে একটি টুরিস্ট স্পট হিসেবে বটেশ্বর সারা বিশ্বের কাছে স্বীকৃত হবে। হেলিকপ্টার পরিষেবার মাধ্যমে এই গ্রামকে শহরের সঙ্গে যুক্ত করা হবে।
আগ্রা জেলার বটেশ্বরের পরিচিতি আগেই রয়েছে। সেখানে শিব মন্দির এবং জৈন মন্দির রাজ্যের অনেকের কাছেই পরিচিত। এই বিধায়ক আরও জানিযেছেন, উত্তর প্রদেশ সরকার বটেশ্বরের উন্নয়নের জন্য প্রায় ১০০ কোটি টাকা ব্যয় করছে।

অটল বিহারী বাজপেয়ির জন্মবার্ষিকী ২৫ ডিসেম্বর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্দির শহর বটেশ্বর পরিদর্শন করবেন বলে জানিয়েছেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজা মহেন্দ্র অরিদমন সিং সংবাদ মাধ্যমকে বলেছেন, আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকার আগ্রাম আশপাশের অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে উন্নত করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বটেশ্বরে ১২ কোটি টাকা ব্যয়ে তৈরি অটল সঙ্কুল কেন্দ্রের উদ্বোধন করবেন। সেখানে মুখ্যমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী মূর্তিও উদ্বোধন করবেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২৫ ডিসেম্বর সকাল নটায় বটেশ্বরে পৌঁছবেন এবং সেখানে তিনি ১০০ কোটি টাকার বেশি মূল্যে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
যমুনা নদীতে নৌকা চলাচলের উপযুক্ত করে তুলতে নদীর নিচ থেকে ময়লা ও পলিমাটি পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি নদীর তীরের ঘাটও পুনর্নির্মাণ করা হচ্ছে। সেখানে কিছু মন্দির অব্যবহৃত অবস্থায় ছিল, যা পুনরুদ্ধার করা হয়েছে এবং সেখানে মানুষজনও যেতে শুরু করেছেন। সেখানে একটি হট এয়ার বেলুন প্যাডও তৈরি করা হচ্ছে।












Click it and Unblock the Notifications