নিত্য-নতুন ভ্যারিয়্যান্টকে বাগে আনতে নয়া কৌশল, শীঘ্রই বদলাতে পারে কোভিড টেস্টের নিয়মাবলী
নিত্য-নতুন ভ্যারিয়্যান্টকে বাগে আনতে নয়া কৌশল, শীঘ্রই বদলাতে পারে কোভিড টেস্টের নিয়মাবলী
করোনার নয়া ডেল্টা প্লাস স্ট্রেনের জেরে ফের লকডাউনের মুখে অস্ট্রেলিয়ার সিডনি। একইভাবে ভারতেও ক্রমশ ছড়াচ্ছে আতঙ্ক। টিকার বেড়াজাল উপেক্ষা করে আগের চেয়েও অধিক ভয়াবহ ডেল্টা স্ট্রেন। এমতাবস্থায় কোভিড বিধিতে বদল আনার কথা ভাবছে কেন্দ্র। টিকা নেওয়া হোক বা আগে কোভিড আক্রান্ত হলেও, যেকোনো পরিস্থিতিতেই উপসর্গযুক্ত নাগরিকরা পাবেন অগ্রাধিকার,খবর সূত্রের। জানা যাচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) নতুন নির্দেশিকা মেনেই এহেন সিদ্ধান্তের পথে কেন্দ্র।

কোভিড টেস্টিংয়ের ক্ষেত্রে নয়া কৌশল হু-এর
সম্প্রতি উপসর্গযুক্ত নাগরিকদের কোভিড পরীক্ষায় অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে হু। যদিও উপসর্গযুক্ত নাগরিকদের সংখ্যাটাও নেহাত কম নয়। এমতাবস্থায় মারাত্মক সংক্রমণের কবলে পড়তে পারেন এমন নাগরিকরা, অর্থাৎ সকল প্রথম সারির স্বাস্থ্যকর্মী এবং কোমর্বিডিটি যুক্ত রোগীদের আগে টেস্ট করার পরামর্শ দিচ্ছেন হু আধিকারিকরা।

ভ্যাকসিন নিয়েও সংক্রমণের আশঙ্কা
স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এখনও পর্যন্ত ভারতে ৩২ কোটি টিকা ডোজ দেওয়া হয়েছে নাগরিকদের। স্বভাবতই টিকা নেওয়ার পর কোভিড টেস্টিংয়ের ক্ষেত্রে নাগরিকদের মধ্যে দেখা যাচ্ছে চূড়ান্ত অনীহা। যদিও টিকাকরণ হলেই যে কোভিড থেকে সুরক্ষিত নয় কেউই, তা স্পষ্ট জানিয়েছেন গবেষকরা। আলফা, বিটা, গামা, ডেল্টা ও ডেল্টা প্লাসের ন্যায় ঝুঁকিপূর্ণ স্ট্রেনের প্রকোপে দুই ডোজ নেওয়ার পরেও করোনার কবলে পড়েছেন, এমন উদাহরণ ভারতে বহু, জানাচ্ছেন স্বাস্থ্য আধিকারিকরা

টেস্টিংয়ের পাশাপাশি দরকার কন্ট্যাক্ট ট্রেসিং
কোভিড পরীক্ষার ক্ষেত্রে সেরোলজিক্যাল সার্ভে বা নিজের পরীক্ষা নিজেই করার ক্ষেত্রে সাফ 'না' করেছে হু। কোভিড পরীক্ষার ক্ষেত্রে যে সঠিক পদক্ষেপ ও স্বাস্থ্য পর্যবেক্ষণের প্রয়োজন, তা সাফ জানিয়েছে হু। পাশাপাশি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা অ্যাপেক্সের মতে, "সংক্রমণের শৃঙ্খল ভাঙতে গেলে দরকার কন্ট্যাক্ট ট্রেসিং। আর তাই এক্ষেত্রে সঠিক স্বাস্থ্য নজরদারির আওতায় কোভিড টেস্ট প্রয়োজন।"

ভারতে আলোচনার স্তরে রয়েছে হু-এর নির্দেশাবলী
আইসিএমআরের গবেষণা কৌশল ও নিয়ম পর্যবেক্ষক বিভাগের প্রধান ডঃ রজনী কান্তের বক্তব্য, "মহামারীর আবহে ভাইরাসের প্রকোপ বুঝে এর আগেও নিয়মাবলীতে বদল এনেছে ভারত।" বর্তমানে কোভিড টেস্টিংয়ের বিষয়ে হু-এর নয়া সিদ্ধান্তও যে পর্যালোচনা করে দেখছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, সে বিষয়ে সুস্পষ্ট ইঙ্গিত দেন ডঃ রজনী কান্ত।












Click it and Unblock the Notifications