সর্বকালের সেরা রেকর্ড, ৫১৪ পয়েন্ট চড়ে নতুন শিখরে সেনসেক্স! আশা দেখাচ্ছে নিফটিও
সর্বকালের সেরা রেকর্ড, ৫১৪ পয়েন্ট চড়ে নতুন শিখরে সেনসেক্স! আশা দেখাচ্ছে নিফটিও
করোনার ফাঁস আলগা হতেই ফের তরতরিয়ে বাড়তে শুরু করেছে শেয়ার সূচক। এপ্রিল-জুন ত্রৈমাসিকে দেশীয় অর্থনীতির সামগ্রিক বৃদ্ধির পর থেকেই নতুন আশার আলো দেখা যাচ্ছে শেয়ার বাজারে। অর্থনৈতিক প্রবৃদ্ধির আঁচ পেয়ে সোমবারই তরতরিয়ে নতুন শিখরে উঠতে দেখা গিয়েছিল সেনসেক্স ও নিফটিকে। এবার তৈরি হল সর্বকালীন সেরা রেকর্ড।

নয়া রেকর্ড শেয়ার মার্কেটে
প্রসঙ্গত উল্লেখ্য, আঁচ মিলেছিল শেষ সপ্তাহ থেকেই। এমনকী শীঘ্রই যে সেনসেক্স ৫৭০০০ পয়েন্ট আর নিফটি ১৭০০০ পয়েন্টের চূড়া টপকে নয়া রেকর্ড গড়বে সে কথাও বলছিলেন বিশেষজ্ঞরা। আর হলও তাই। ৫১৪ পয়েন্ট চড়ে নতুন শিখরে সেনসেক্স! আশা দেখাচ্ছে নিফটিও। বর্তমানে বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স দাঁড়িয়ে ৫৭ হাজার ৮৫২ পয়েন্টে। সেখানে ১৫৮ পয়েন্ট বেড়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি দাঁড়িয়ে ১৭ হাজার ২৩৪ পয়েন্টে।

সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেল ভারতীয় ইকুইটি বেঞ্চমার্ক
এদিকে চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের বৃদ্ধির হার আনুষ্ঠানিক ভাবে ঘোষণার আগেই মঙ্গলবার সকালেই সর্বকালীন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যায় ভারতীয় ইকুইটি বেঞ্চমার্কগুলি। সাড়া পড়ে যায় শেয়ার বাজারে। ইনফোসিস, এইচসিএল টেকনোলজিস, টাটা কনসালটেন্সি সার্ভিস এবং ভারতী এয়ারটেলের লাভের ফলে সেনসেক্স এবং নিফটি উভয়েই .২ শতাংশ করে বেড়ে যায় বলেও জানা যায়। এতেই নতুন করে বিনিয়োগের দিশা খুঁজে পান ইনভেস্টররাও। এবার বৃহঃষ্পতিবার দিনের শুরুতেই তৈরি হল নয়া রেকর্ড।

কোন কোম্পানির শেয়ারে কতটা পারাপতন দেখা গেল
অন্যদিকে দিনের শুরুতে প্রারম্ভিক বাণিজ্যে, ৯৭৭ টি শেয়ার বেড়েছে, ৩৯২ টি শেয়ার হ্রাস পেয়েছে এবং ৭৪ টি বড় শেয়ার অপরিবর্তিত রয়েছে বলে জানা যাচ্ছে। গত সপ্তাহে, সবথেকে বেশি লাভ করেছিল টিসিএস। তাদের শেয়ার ৩ শতাংশ পর্যন্ত বাড়ে।অন্যদিকে এইচইউএল, আল্ট্রাটেক সিমেন্ট, নেসলে ইন্ডিয়া, কোটক ব্যাংক, ডাঃ রেড্ডিস এবং টাইটানের শেয়ারও বেড়েছে।

সপ্তাহান্তেই তৈরি হবে সর্বকালের সেরা রেকর্ড?
পাশাপাশি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, বাজাজ অটো, বাজাজ ফিনসার্ভ এবং এশিয়ান পেইন্টস কমেছে।এদিকে বিশেষজ্ঞদের মতে, এই সপ্তাহের শেষেই নতুন উচ্চায় পৌঁছাবে শেয়ার দর। শেষ ট্রেডিং দিন শুক্রবার সেনসেক্স ৫৮ হাজার পয়েন্টের স্তর অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। এটা যদি সম্ভব হয় তবে সেনসেক্সের ইতিহাসে সর্বকালের সেরা রেকর্ড।












Click it and Unblock the Notifications