কৃষি আইনের বাতিলের জোরালো দাবি, প্রথম মোদী বৈঠকেই ঝড় তুললেন পাঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী চান্নি
মোদীর সঙ্গে প্রথম বৈঠকেই কৃষি আইনের বাতিলের জোরালো দাবি চান্নির
জল্পনা চলছিলই। অবশেষে শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। তবে নির্দিষ্ট কোনও অ্যাজেন্ডা ছাড়াই হয় এদিনের বৈঠক। আদপে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এই প্রথম এই সৌজন্য সাক্ষাত করতে দিল্লি এলেন পাঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী। তবে প্রথম বৈঠকেই দিলেন একাধিক চমক। সরাসরি মোদীর কাছে তুললেন নয়া কৃষি আইন বাতিলের দাবি।

কী বললেন পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী
এমনকী কৃষি আইন নিয়ে মোদীর সঙ্গে চান্নির দীর্ঘক্ষণ আলোচনাও হয় বলে শোনা যায়। বৈঠক শেষে চান্নি বলেন, 'কৃষি আমাদের আয়ের প্রধান উৎস। আমি কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সঙ্গে বিরোধের সমাধান খুঁজতে প্রধানমন্ত্রীকে সাহায্য করতে বলেছি।" মুখ্যমন্ত্রী হওয়ার পর মোদীর সঙ্গে এটাই চান্নির প্রথম বৈঠক। কয়েক দিনে আগেই তীব্র রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যে কংগ্রেসে নেতৃত্ব বদল হয় পাঞ্জাবে। ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর বদলে চরণজিৎ সিং চান্নিকে মুখ্যমন্ত্রী করে কংগ্রেস হাইকমান্ড।

চান্নি-মোদী বৈঠকে নজর
এমতাস্থায় স্বভাবতই চান্নি-মোদী বৈঠকে নজর ছিল গোটা দেশেরই। তবে সেখানেও শুরুতেই চমক দিলেন তিনি। এদিকে গত প্রায় ১ বছরের বেশি সময় ধরে দিল্লি সীমান্তে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন একটা বড় অংশের কৃষক। তাদের মধ্যে সিংহভাগ পাঞ্জাবের কৃষক। তারাই মূলত রয়েছে নেতৃত্বে। এদিকে মোদী বৈঠক শেষে চান্নি বলেন, "আমি প্রথমে মোদীকে বলেছিলাম ১ অক্টোবর থেকে ধান সংগ্রহ শুরু হয়। কিন্তু সরকার এটি ১০ অক্টোবর করেছে। আমি তাদের কাছে আবেদন করেছি এখনই শুরু করতে। তবে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন তারা বিষয়টি খতিয়ে দেখবেন।"

অবিলম্বে কৃষি আইন প্রত্যাহারের দাবি
এই প্রসঙ্গে চান্নি আরও বলেন, "আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম কৃষি আমাদের আয়ের প্রধান উৎস। তাই এই কৃষি আইন এখন রদ করা হোক। নাহলে চাষিদের ক্ষতি হয়ে যাবে। উত্তরে মোদী বলেন আমরাও এর সমাধান খুঁজতে চাই। তবে আমি কৃষকদের সাথে দ্রুত আলোচনা শুরু করার জন্য মোদীকে অনুরোধ করেছি। আমি স্পষ্টতই তাদে বলেছি এই তিনটি বিল বাতিল করা উচিত।" অন্যদিকে কৃষি আইন ছাড়াও চান্নি মোদী আলোচনায় উঠে আসে আরও একাধিক প্রসঙ্গ।

কর্তারপুর করিডোর নিয়েও কথা
এদিনের বৈঠকে কর্তারপুর করিডোর নিয়েও কথা বলেন চান্নি। এই প্রসঙ্গে তিনি বলেন, 'পাকিস্তান এবং ভারতের জন্য তৈরি করা হয়েছিল কর্তাপুর করিডোর। কিন্তু করোনার কারণে তা বন্ধ হয়ে গেছে। এটি অবিলম্বে খোলা উচিত। আমি সেই দাবিও রেখেছি মোদীর কাছে।" এদিকে ক্যাপ্টেন অমরিন্দরের রাজনৈতিক অবস্থান নিয়েও দিল্লি সহ পাঞ্জাবে চলছে জোরদার আবোচনা। সূত্রের খবর, কংগ্রেস ছেড়ে এবার পাঞ্জাব বিকাশ পার্টি তৈরি করতে চলেছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। যদিও এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি চান্নি।












Click it and Unblock the Notifications