New Parliament Building: সংসদের নতুন ভবনে দমবন্ধ হয়ে আসছে, দাবি কংগ্রেসের
New Parliament Building: সদ্য সংসদের নতুন ভবনের উদ্বোধন হয়েছে। আধুনিকতা আর সংস্কৃতির মেলবন্ধনে তৈরি হয়েছে ভবন। আর সেই ভবনেই নাকি দমবন্ধ হয়ে আসছে কংগ্রেস সাংসদদের। গণতান্ত্রিক সরকার চালানোর পক্ষে এই ভবন উপযুক্ত নয় বলেও দাবি করা হয়েছে।
নয়া ভবনের (New Parliament Building) সমালোচনা করে শনিবার একটি টুইট করেছেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। তাঁর দাবি, এই ভবনকে 'মোদী মাল্টিপ্লেক্স' বা 'মোদী ম্যারিয়ট' বললেও ভুল হবে না। বর্ষীয়ান সাংসদ লিখেছেন, নতুন করে সংবিধান না লিখেও শুধুমাত্র স্থাপত্য দিয়ে কীভাবে গণতন্ত্রকে হত্যা করা যায়, সেটাই করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও দাবি (New Parliament Building)করেছেন, নতুন ভবন নাকি এমনই যেখানে একে অপরকে দেখতে গেলে বাইনোকুলারের প্রয়োজন হয়। সদ্য নতুন ভবনে সংসদের বিশেষ অধিবেশনও বসেছিল। তারপরই কংগ্রেস সাংসদ অনুভব করেছেন, পুরনো ভবনে যে ভাবে এক হাউস থেকে আর হাউসে বা সেন্ট্রাল হলে যাওয়া যেত, করিডরে হাঁটা যেত- এখানে সেই সুযোগ নেই। ফলে একে অপরের সঙ্গে আলোচনা করার বা কথা বলার সুযোগ কম বলেই দাবি করছেন তিনি।
শুধু তাই নয়, সাংসদের আরও দাবি, নতুন ভবনে হারিয়ে গেলে রাস্তা খুঁজে পাওয়ার উপায় নেই। আগের ভবনে এই অসুবিধা ছিল না। আগের ভবন ছিল উন্মুক্ত আর এই নতুন ভবনের পরিবেশ দমবন্ধ করা। তাই সংসদ ভবনে ইতিউতি ঘুরে বেড়ানোর আনন্দটাই চলে গিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
সাংসদ আরও জানিয়েছেন, সংসদের অনেক কর্মীরও এই ভবন পছন্দ হয়নি। কারও সঙ্গে আলোচনা না করে কেন এই সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জয়রাম রমেশ। তাঁর দাবি, ২০২৪ -এ সরকার পরিবর্তন হলে নতুন ভবনকে অন্যভাবে কাজে লাগানো হবে। কংগ্রেসের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তাঁর দাবি, এইভাবে কংগ্রেস দেশের ১৪০ কোটি নাগরিককে অপমান করছে।












Click it and Unblock the Notifications