জন্মহার বাড়াতে নয়া উদ্যোগ, দুই বা তার বেশি সন্তান হলে ২৫ হাজার টাকা দেবে অন্ধ্রপ্রদেশ সরকার
অন্ধ্রপ্রদেশে ক্রমশ কমতে থাকা জন্মহার নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনের অন্দরমহলে। এই পরিস্থিতি সামাল দিতে এবার অভিনব পরিকল্পনার পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। দুই বা তার বেশি সন্তানের জন্ম হলে সংশ্লিষ্ট দম্পতিকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ভাবছে সরকার। চলতি মাসের মধ্যেই এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে জন্মহার হ্রাসের বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বর্তমানে অন্ধ্রপ্রদেশে মোট প্রজনন হার বা টোটাল ফার্টিলিটি রেট (টিএফআর) নেমে এসেছে প্রায় ১.৫-এ, যা প্রতিস্থাপন স্তরের নিচে। সাধারণভাবে জনসংখ্যা স্থিতিশীল রাখতে এই হার কমপক্ষে ২.১ হওয়া প্রয়োজন। তাই আগামী দিনে সেই লক্ষ্য পূরণ করতেই নতুন পরিকল্পনা গ্রহণ করছে সরকার।

চন্দ্রবাবুর কথায়, "আমরা একটি নতুন উদ্যোগের কথা ভাবছি। কোনও দম্পতির দুই বা তার বেশি সন্তান হলে সন্তানের জন্মের সময়ই তাদের ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। এই প্রকল্প কার্যকর হলে জন্মহার বৃদ্ধিতে তা বড় ভূমিকা নিতে পারে।"
বিধানসভায় তিনি আরও জানান, শুধু অন্ধ্রপ্রদেশ নয়, বিশ্বের বহু দেশই এখন জন্মহার কমে যাওয়ার সমস্যার মুখে পড়েছে। এর ফলে জনসংখ্যার গড় বয়স বাড়ছে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতি ও কর্মক্ষমতার উপর প্রভাব ফেলতে পারে। জনসংখ্যার মধ্যে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে গেলে উৎপাদনশীলতা হ্রাস পায় এবং সামগ্রিক উন্নয়নও বাধাগ্রস্ত হয়।
এই পরিস্থিতি মোকাবিলায় তাই জন্মহার বাড়াতে বিশেষ উদ্যোগ নিতে চাইছে অন্ধ্রপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রীর ইঙ্গিত অনুযায়ী, চলতি মাসের শেষদিকে নতুন প্রকল্পের ঘোষণা করা হতে পারে ও আগামী এপ্রিল মাস থেকেই তা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications