জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
বিশ্বজুড়ে জ্বালানি অনিশ্চয়তার আবহে ভারতের শক্তি সুরক্ষাকে আরও মজবুত করতে বড় পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট করে দেন দেশের কৌশলগত তেল মজুত এখন শুধু স্থিতিশীল নয়, বরং দ্রুত সম্প্রসারণের পথে এগোচ্ছে।
প্রধানমন্ত্রী জানান, বর্তমানে ভারতের হাতে রয়েছে প্রায় ৫৩ লক্ষ মেট্রিক টন পেট্রোলিয়াম রিজার্ভ। এই মজুত শুধুমাত্র দৈনন্দিন চাহিদা নয়, আন্তর্জাতিক সংকটের সময়েও দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত এক দশকে এই ভাণ্ডার গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তবে এখানেই থেমে নেই কেন্দ্র। সরকারের লক্ষ্য এই মজুতকে আরও বাড়িয়ে ৬৫ লক্ষ মেট্রিক টনে পৌঁছে দেওয়া। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, সেই লক্ষ্যে ইতিমধ্যেই দ্রুত গতিতে কাজ চলছে, ও অদূর ভবিষ্যতেই এই লক্ষ্য পূরণ সম্ভব হবে।
পশ্চিম এশিয়ার অস্থিরতা ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথে সরবরাহ ব্যাহত হওয়ার সম্ভাবনার মধ্যেই ভারতের এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, জ্বালানি সরবরাহে কোনও ধাক্কা লাগলেও যাতে দেশের অর্থনীতি অচল না হয়ে পড়ে, তার জন্যই এই কৌশলগত প্রস্তুতি।
এছাড়াও, জ্বালানি আমদানির ক্ষেত্রেও বড় পরিবর্তনের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আগে যেখানে ভারত মাত্র ২৭টি দেশের ওপর নির্ভরশীল ছিল, এখন সেই সংখ্যা বেড়ে হয়েছে ৪১। অর্থাৎ, আমদানির উৎসে বৈচিত্র্য এনে ঝুঁকি অনেকটাই কমানো হয়েছে।
জ্বালানি নিরাপত্তাকে কেন্দ্র করে ভারতের এই আগ্রাসী পরিকল্পনা ভবিষ্যতের সংকট মোকাবিলায় দেশের প্রস্তুতিকেই আরও দৃঢ় করছে।












Click it and Unblock the Notifications