Cancer: তামাকেই বিষ! ঘাড় ও মাথার ক্যানসার গ্রাস করছে ভারতকে, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
Cancer: ক্যানসারের প্রবণতা গোটা বিশ্বেই বাড়ছে। তবে ভারতের ক্ষেত্রে কোন ধরনের ক্যান্সার সব থেকে বেশি থাবা বসাচ্ছে সেই রিপোর্ট সামনে এল একটি সমীক্ষায়। সেখানে দেখা যাচ্ছে, ভারতে যত মানুষ ক্যানসার আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে অন্তত ২৬ শতাংশের ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্যান্সার বাসা বাঁধছে ঘাড়ে বা মাথায়। এই প্রবণতা ভারতে ক্রমশ বাড়ছে, এমনটাই উঠে এসেছে সমীক্ষায়।
১৮৬৯ জন ক্যানসার আক্রান্তের উপর সমীক্ষা চালানো হয়েছিল। শনিবার ওয়ার্ল্ড হেড অ্যান্ড নেক ক্যান্সার ডে-তে সেই সমীক্ষার রিপোর্ট প্রকাশ্যে এসেছে। দিল্লির এনজিও সংস্থা 'ক্যান্সার মুক্ত ভারত ফাউন্ডেশন' ওই সমীক্ষা চালায় গত ১ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত।

'ক্যানসার মুক্ত ভারত' নামে যে ক্যাম্পেন চলছে তার মাথায় থাকা বিশিষ্ট অঙ্কোজিস্ট ডক্টর আশিস গুপ্তা জানিয়েছেন, অল্প বয়সীদের মধ্যে এই দুই ক্যান্সারের প্রবণতা বাড়ছে। তামাক সেবন ও এইচপিভি ইনফেকশনের জন্য এগুলি বাড়ছে বলে উল্লেখ করেছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, যাঁরা ওরাল ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, তাঁদের মধ্যে ৮০ থেকে ৯০ শতাংশের ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাঁরা কোনও না কোনও ভাবে তামাক সেবন করেন। কেউ তামাক চিবিয়ে খান আবার কেউ ধূমপানের মাধ্যমে সেবন করেন।
তবে আশার কথা হল এটাই যে অন্যান্য ক্যানসারের তুলনায় ঘাড় ও মাথার ক্যান্সার দ্রুত প্রতিরোধ করা সম্ভব। লাইফস্টাইলের ক্ষেত্রে পরিবর্তন এনে ক্যানসার থেকে বাঁচা সম্ভব। তাঁর মতে ঘাড় বা মাথার ক্যান্সার প্রতিরোধ করার জন্য তামাক সেবন ছেড়ে দেওয়া উচিত ও চেকআপ করা দরকার।
চিকিৎসক সতর্ক করে আরও জানিয়েছেন, সাধারণ মানুষকে এ ব্যাপারে সতর্ক করার মাধ্যমে ক্যান্সার আক্রান্তের সংখ্যা কমানোর উদ্যোগ নিয়েছে ওই এনজিও। যদি আগে ধরা পড়ে, তাহলে অন্তত ৮০ শতাংশ রোগীর ক্ষেত্রে ঘাড় ও মাথার ক্যান্সার সেরে যায়। চিকিৎসক জানিয়েছেন প্রায় প্রতি সপ্তাহে নতুন নতুন ক্যান্সারের ওষুধ বাজারে আসছে। আর সেই ওষুধ শুধুমাত্র ক্যান্সার সেরে যাচ্ছে তাই নয়, তারপরও যাতে রোগী ভাল থাকতে পারে তার উপায়ও থাকছে।
'ক্যানসার মুক্ত ভারত ক্যাম্পেনে' একটি ফ্রি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরটি হল, ৯৩৫৫ ২০২। সোমবার থেকে শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ওই নম্বরে ফোন করে সাহায্য পাওয়া যায়।
GLOBOCON-এর দেওয়া তথ্য বলছে, ২০২০ সালের পর থেকে ক্যানসার আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়তে শুরু করেছে ভারতে। ২০৪০ সালের মধ্যে ভারতে অন্তত ২১ লক্ষ নতুন ক্যান্সার আক্রান্তের হদিশ পাওয়া যাবে বলে আশঙ্কা করা হয়েছে একটি রিপোর্টে।












Click it and Unblock the Notifications