Rahul Gandhi: সংসদে ধাক্কা-হেনস্থার দায়ে রাহুলের বিরুদ্ধে মামলা, জেলে যাবেন কংগ্রেস সাংসদ? যা বলছে আইন...
Rahul Gandhi: সংসদে ধাক্কাধাক্কির ঘটনায় এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে সটান থানায় গিয়ে অভিযোগ দায়ের বিজেপির। বিজেপির অনুরাগ ঠাকুর, বাঁসুরী স্বরাজ ও টিডিপির এক সাংসদ মিলে এদিন দিল্লির পার্লামেন্ট স্ট্রীট থানায় গিয়ে রাহুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সংসদে ধস্তাধস্তি ও শারীরিক হেনস্থার অভিযোগে রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন এনডিএর সাংসদরা।
আম্বেদকর (BR Ambedkar) ইস্যুতে এদিন তুমুল উত্তপ্ত হয় সংসদ। বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গীকে (Pratap Sarangi) ধাক্কা মারার অভিযোগ ওঠে রাহুল গান্ধীর বিরুদ্ধে। সংসদ চত্বরে আহত বিজেপি সাংসদের সঙ্গে সশরীরে এসে দেখাও করেন রাহুল। ওই বিজেপি সাংসদকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ফোনে খোঁজ নিয়েছেন বলে জানা গিয়েছে।

এদিকে রাহুলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন নাগাল্যান্ডের মহিলা বিজেপি সাংসদ (Nagaland BJP MP) ফ্যাঙ্গন কন্যাক। রাহুল গান্ধীর বিরুদ্ধে শারীরিক হেনস্থার (Physically Assault) অভিযোগ তোলেন তিনি। যাওয়ার অন্য প্যাসেজ থাকা সত্ত্বেও বিজেপি সাংসদের কাছে রাহুল চলে আসেন বলে অভিযোগ। রাহুলের আচরণে তিনি অস্বস্তি বোধ করেন বলেও জানান নাগাল্যান্ডের ওই মহিলা সাংসদ।
যদিও সাংবাদিক বৈঠক করে এসমস্ত অভিযোগ নস্যাৎ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আম্বেদকরকে নিয়ে অমিত শাহের বিতর্কিত মন্তব্য থেকে নজর ঘোরাতেই বিজেপি উল্টোপাল্টা অভিযোগ খাঁড়া করছে বলে ক্ষোভ উগড়ে দেন রাহুল। সংবিধানের কপি সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক থেকে রাহুল বিজেপিকে সংবিধান-বিরোধী ও আম্বেদকর-বিরোধী বলে তোপ দাগেন।
থানায় অভিযোগ দায়ের হয়েছে সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে। সংসদ চত্বরে বিজেপি সাংসদকে ধাক্কা দেওয়ার অভিযোগ রয়েছে। এক্ষেত্রে রাহুলের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নিতে পারবে পুলিশ? সাংসদ হিসেবে ওই ঘটনায় অভিযুক্ত হয়ে কি জেল পর্যন্ত গড়াবে মামলা? জেনে নেওয়া যাক কী বলছে রুল বুক।
নিয়ম অনুযায়ী, গোটা ঘটনার তদন্ত করতে পারে পুলিশ। তবে লোকসভার স্পিকার ওম বিড়লার অনুমতি প্রয়োজন এক্ষেত্রে। বিরোধী দলনেতার হাতে এই পরিস্থিতিতে কোনও বিশেষ ক্ষমতা থাকবে না। উল্টে আক্রান্ত বিজেপি সাংসদ সারেঙ্গী এক্ষেত্রে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনতে পারেন। তবে গোটা ঘটনার সিসিটিভি ফুটেজে প্রমাণ যদি না থাকে, তাহলে দুই পক্ষের আলোচনার মাধ্যমেই অভিযোগের নিষ্পত্তি করা হবে।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এক্ষেত্রে অভিযুক্ত রাহুল গান্ধীর গতিবিধিও খতিয়ে দেখবে পুলিশ। প্রতিবাদস্থল ছেড়ে বিজেপি সাংসদের কাছে গিয়ে তাঁকে ধাক্কা দেওয়া হয় নাকি অন্য কোনও ভাবে তাঁকে আহত করা হয়, তা দেখা হবে। কিন্তু দুজনেই যদি নিজ নিজ অবস্থানে থেকে থাকেন, তাহলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধাক্কা দেওয়ার তত্ত্ব খারিজ করা হবে। গোটা বিষয়টিকে ধস্তাধস্তি হিসেবে গণ্য করা হবে।
অন্যদিকে, সংসদের ভেতর শারীরিক হেনস্থারও অভিযোগ রয়েছে রাহুলের বিরুদ্ধে। নিয়ম অনুযায়ী, সংসদে এহেন আচরণ সাংসদদের স্বাধিকার লঙ্ঘন ও সংসদের অবমাননা রূপে গণ্য করা হয়। সংসদে কর্তব্যরত অবস্থায় সাংসদদের প্রতি হেনস্থা প্রিভিলেজ ভঙ্গের মধ্যেই পড়ে বলে জানানো হয়েছে রুল বুকে। সব মিলিয়ে, ধাক্কা তরজায় সরগরম রাজধানী।












Click it and Unblock the Notifications