NDA Meeting: চিরাগ পাসোয়ানের এনডিএতে যোগদানের সিদ্ধান্ত, স্বাগত জানালেন নাড্ডা
লোক জনশক্তি পার্টি (রামবিলাস) ফের এনডিএ-তে ফিরছে। বেঙ্গালুরুর বিরোধী ঐক্যের বৈঠকের পাল্টা দিল্লিতে যখন এনডিএ-র শক্তি প্রদর্শনের মঞ্চ তৈরি হয়েছে, তখনই চিরাগ পাসোয়ান এনডিএতে যোগদানের সিদ্ধান্ত নিলেন। চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-কে স্বাগত জানালেন জেপি নাড্ডা।
লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসোয়ান এনডিএ-তে যোগ দেবেন বলে ঘোষণা করে সোমবার সন্ধ্যায় অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। সাক্ষাৎ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে। তিনিই জানান, লোক জনশক্তি পার্টি (রাম বিলাস)-র নেতা চিরাগ পাসওয়ান এনডিএ-তে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

জেপি নাড্ডা বলেন, আমি তাঁকে এনডিএ পরিবারে স্বাগত জানিয়েছি। দিল্লিতে এনডিএ শক্তি প্রদর্শনের প্রাক্কালে এই ঘোষণার পাশাপাশি জেপি নাড্ডা জানান, বিজেপি ৩৮টি শরিক দলকে নিয়ে এনডিএ-র শক্তি প্রদর্শন করবে। চিরাগের বাবা রামবিলাস পাসোয়েন এনডিএ-তেই ছিলেন।
রামবিলাস পাসোয়ান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে মতবিরোধের কারণে বিহারের বিধানসভা নির্বাচনের আগে এনডিএ থেকে বেরিয়ে যান। তারপর রামবিলাস পাসোয়ানের দলের ব্যাটন ওঠে ছেলে চিরাগের কাঁধে। বর্তমানে নীতীশ কুমার বেরিয়ে গিয়েছেন এনডিএ ছেড়ে। সেই পথ দিয়েই প্রবেশ ঘটছে চিরাগের।
বিহারের ৬ শতাংশ পাসওয়ান ভোটারদের বেশিরভাগই চিরাগ পাসওয়ানকে সমর্থন করে। ফলে তাঁকে এনডিএ-তে প্রয়োজন ছিল বিজেপির। এদিন অমিত শাহের সাথে বৈঠকে চিরাগ পাসওয়ান তাঁর দলের জন্য ছয়টি আসন চেয়েছেন। যদিও বিজেপির প্রতিক্রিয়া এখনও জানা যায়নি এ ব্যাপারে। এখন এলজেপি-র দুটি উপদলের মধ্যে সমঝোতার জন্য চাপ দিচ্ছে বিজেপি।

রাম বিলাসের হাত থেকে ব্যাটন চলে যাওয়ার পর লোক জনশক্তি পার্টি বা এলজেপি দুটি ভাগে ভাগ হয়ে যায়। চিরাগের হাতে থাকে লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-র ভার। আর অন্য উপদলটির নেতা চিরাগের কাকা পশুপতি পারস। পশুপতি পারসের নেতৃত্বাধীন দলটি জানায় তারা চিরাগ পাসোয়ানের এনডিএ-তে যোগদানের বিরোধিতা করবে না। তবে তারা তাকে স্বাগতও জানাবে না।
তিনি এ ব্যাপারে বলেন, এটা লোকসভার নির্বাচনের বছর। তাই প্রতিটি দলই চাইবে নিজেদের নিজেদের শক্তি প্রদর্শন করতে। সেই কারণেই চিরাগ পাসওয়ান ও জিতন রাম মাঞ্জিকে আমন্ত্রণ জানানো হয়েছে এনডিএ-তে। একইভাবে সমাজবাদী পার্টির সঙ্গ ছেড়ে এনডিএ-তে ফিরেছে উত্তরপ্রদেশের ওমপ্রকাশ রাজভরে পার্টি। সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির যোগদানে পূর্ব উত্তরপ্রদেশের ওবিসি ভোটাররা প্রভাবিত হবেন এনডিএ-র প্রতি।












Click it and Unblock the Notifications