এনডি তিওয়ারির পুত্রকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, ময়নাতদন্ত রিপোর্টে উঠে এল কোন তথ্য
উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এনডি তিওয়ারির পুত্র রোহিত শেখরকে বালিশ দিয়ে মুখ চেপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এনডি তিওয়ারির পুত্র রোহিত শেখরকে বালিশ দিয়ে মুখ চেপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনায় খুনের মামলা রুজু করেছে পুলিশ। রোহিতের ময়নাতদন্তের রিপোর্টেও, অপঘাতে মৃত্যুর বিষয়টি উল্লেখ করেছেন ডাক্তাররা।

রোহিত শেখরের মৃত্যুর কারণ সন্ধানে তাঁর 'বায়োলজিক্যাল ফাদার' এনডি তিওয়ারির পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। রোহিতের মা উজ্জ্বলা এবং তাঁর কাকার ছেলেকেও জেরা করা হয়েছে। মৃত রোহিত শেখরের স্ত্রী অপূর্বাকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঘটনার দিন রাত দেড়টা নাগাদ মৃত্যু হয় রোহিত শেখরের। সেই সময়, তাঁর ঘরে অন্য কেউ ছিলেন বলেই মনে করা হচ্ছে। সেই অভিযুক্ত রোহিতের বন্ধু, শত্রু নাকি পরিবারের সদস্য, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে এও জানা গেছে, ঘটনার দিন রাত সাড়ে এগারোটায় খাবার খেয়ে শুতে যাওয়ার আগে, মদ্যপানও করেন রোহিত। এনডি তিওয়ারির পুত্রকে মৃত অবস্থায় দিল্লির ম্যাক্স সাকেত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বলেও জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, ২০১৮ সালেই প্রয়াত হন উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা এবং রোহিত শেখরের 'বায়োলজিক্যাল ফাদার' এনডি তিওয়ারি। ২০০৭ সালে প্রকাশ্যে আসা তিওয়ারি ও রোহিতের বাবা-ছেলে সংক্রান্ত দ্বন্দ্ব দেশে আলোড়ন ফেলে দেয়। বিষয়টি প্রকাশ্যে আনেন রোহিতই। পেশায় আইনজীবী ওই যুবক দাবি করেন, এনডি তিওয়ারির অবৈধ সম্পর্কের জেরেই তাঁর জন্ম।
বিষয়টি অস্বীকার করলে এনডি তিওয়ারির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন রোহিত শেখর। এরপর বিস্তর আইনি লড়াই, ডিএনএ রিপোর্ট তাঁর বিরুদ্ধে গেলে, রোহিতকে 'বায়োলজিক্যাল সন' হিসেবে স্বীকার করে নেন উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এরই মধ্যে ২০১২ সালে এনডি তিওয়ারির যৌন কেলেঙ্কারির তথ্য প্রকাশ্যে এলে, তিনি অন্ধ্রপ্রদেশের রাজ্যপালের পদ থেকেও ইস্তফা দেন।












Click it and Unblock the Notifications