বিজেপির বিকল্প গড়ে তোলার প্রয়াস শুরু, মিশন ২৪-এর লক্ষ্যে পাওয়ার-রাজা বৈঠক
কংগ্রেসের বহু আকাঙ্খিত জয়ের পরই মিশন ২৪-এ বিজেপির বিকল্প গড়ে তোলার প্রয়াস শুরু হয়ে গেল। শার পাওয়ার বাসভবনে রবিবার শুধু মহা বিকাশ আগাড়ির বৈঠক হল না, সিপিআইয়ের সাধারণ সম্পাদক জি রাজার সঙ্গে বৈঠকেও বিরোধী ঐক্য ও বিরোধী বিকল্প গড়ে তোলার বার্তা দিলেন।
শুধু মহারাষ্ট্রে মহাজোট গড়লেই হবে না, আরও অনেক রাজ্যে বিজেপির বিকল্প শক্তি গড়ে তুলতে হবে। কর্নাটকের লড়াইকে অন্যান্য রাজ্যে প্রয়োগ করতে হবে। সিপিআই-এর ডি রাজার সঙ্গে মুম্বইয়ের বৈঠকে এমনই বার্তা দিয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার।

সিপিআইয়ের ডি রাজা রবিবার এনসিপি সভাপতি শরদ পাওয়ারের সঙ্গে মুম্বইতে তার বাসভবনে সাক্ষাৎ করেন। সেখানে বিজেপির বিকল্প দেওয়ার বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। কর্নাটক নির্বাচনে বিজেপির মহা-পরাজয়ের একদিন পরে দফায় দফায় বৈঠক করে জোট বার্তা দেন পাওয়ার।
এদিন সাংবাদিক বৈঠকে শরদ পাওয়ার বলেন, কর্নাটকে কংগ্রেসের জয়কে তুলে ধরতে হবে সমস্ত রাজ্যে। অন্যান্য রাজ্যে সমমনা দলগুলিকে নিয়ে ঐক্য গড়ে তুলতে হবে। সাধারণ ন্যূনতম কর্মসূচি নিয়ে কাজ করতে হবে। তবেই সঠিক বিকল্প গড়ে উঠবে।
তিনি বলেন, কর্ণাটক বিধানসভা নির্বাচন একটি বার্তা দিয়েছে। অন্যান্য রাজ্যেও কর্নাটকের মতো পরিস্থিতি তৈরি করতে হবে আমাদের। সেইমতো কাজ করতে হবে। কংগ্রেস একা কর্নাটকে বিজেপির বিকল্প দিয়েছে। কিন্তু অন্যান্য রাজ্যে সমমনা দলগুলিকে একটি কমন ন্যূনতম প্রোগ্রাম নিতে হবে।

আমরা উভয় ফ্রন্টে কাজ করব। কর্নাটকের মতো রাজ্যে কংগ্রেসের সহযোগিতা করতে হবে। অন্যান্য রাজ্যে কমন মিনিমাম প্রোগ্রাম নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এভাবেই একটি কৌশল তৈরি করতে হবে। আমরা এই প্রক্রিয়াটি শুরু করছি। আশা করবে বিজেপি বিরোধী অন্যান্য দলগুলিও তা করবে।
ডি রাজা বিজেপিকে হারাতে একটি সাধারণ বোঝাপড়ার কথা বলেছিলেন। কিন্তু শরদ পাওয়ার বিজেপি বিরোধী ঐক্যকে একটা বিকল্প হিসেবে তৈরির কথা বলেছে। রাজ্যওয়াড়ি এই কৌশলটি তৈরি করা যেতে পারে বলে তাঁর মত। আমরা এখন দিল্লির দিকে নজর দিতেই পারি।
তিনি বলেন, বিজেপি পরাজিত হতে পারে। তা কর্নাটক দেখিয়ে দিয়েছে। ২০২৪ সালে তারা লোকসভা নির্বাচনেও হারবে। মহারাষ্ট্রের নির্বাচনেও হেরে যাবে। কর্নাটকের নির্বাচনে তাদের মিথ ভেঙে গিয়েছে। এবার বিজেপিকে হারতে হবে। তাই এবার সময় এসেছে সঠিক বিকল্প তুলে ধরার।












Click it and Unblock the Notifications