Haryana Next CM: হরিয়ানার মুখ্যমন্ত্রী ফের সাইনিই, মঙ্গলে শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকতে পারেন মোদীও
Nayab Singh Saini: হরিয়ানায় তৃতীয়বার সরকার গড়তে চলেছে বিজেপি (BJP)। হরিয়ানার ইতিহাসে এই প্রথমবার টানা তিনবার ক্ষমতায় ফিরতে চলেছে কোনও একটি রাজনৈতিক দল। সূত্রের খবর, হরিয়ানার মুখ্যমন্ত্রী (Haryana CM) পদে ফের বসতে পারেন নয়াব সিং সাইনি। সবকিছু ঠিক থাকলে, আগামী ১৫ অক্টোবরই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সাইনি।
জানা গিয়েছে, ইতিমধ্যেই সাইনির শপথ গ্রহণের (Oath Taking) তোড়জোড় শুরু হয়ে গিয়েছে হরিয়ানায়। শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করতে ১০ জন সদস্যের একটি কমিটিও গড়েছেন হরিয়ানার মুখ্যসচিব। পাঁচকুলার জেলাশাসকের নেতৃত্বে কাজ করবে এই কমিটি।

সাইনির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। এছাড়াও বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও যোগ দিতে পারেন সাইনির শপথ গ্রহণ (Saini Oath Taking Ceremony) অনুষ্ঠানে।
গত লোকসভা নির্বাচনের ঠিক আগে হরিয়ানার মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে মনোহর লাল খট্টরকে (Manohar Lal Khattar) সরিয়ে নয়াব সিং সাইনিকে বসায় বিজেপি। দল জেতার আগে থেকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সাইনিকে বাছা হয়েছিল বলে জানায় বিজেপি। নয়াব সিং সাইনি ওবিসি মুখ হওয়ায় সে রাজ্যের ওবিসি ভোট তাদের ঝুলিতেই যাবে বলে আশাবাদী বিজেপি।
চলতি সপ্তাহের প্রথম দিকেই দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ সারেন সাইনি। সঙ্গে ছিলেন হরিয়ানার নবনির্বাচিত বিজেপি বিধায়করাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ সারেন তাঁরা। দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) সঙ্গেও।
প্রসঙ্গত, হরিয়ানায় কংগ্রেসের গেম ওভার করে বাজিমাত করেছে বিজেপি। বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়ের স্বাদ পেয়েছেন সাইনিরা। বুথ ফেরত সমীক্ষা বলেছিল কংগ্রেসের দখলে যাবে হরিয়ানা। কিন্তু ফলাফলে কার্যত বুথ ফেরত সমীক্ষাকে মিথ্যে প্রমাণিত করে গেরুয়া শিবির। ৯০ আসনের মধ্যে ৪৮টিতে জিতে মসনদে প্রত্যাবর্তন করে বিজেপি। এদিকে, ক্ষমতায় ফেরার স্বপ্ন নিয়ে ৩৭টি আসনেই আটকে থাকতে হয় কংগ্রেসকে।












Click it and Unblock the Notifications