পাঞ্জাব বিধানসভা দখলের লক্ষ্যে নতুন দল গড়লেন নভজ্যোত সিং সিধু
নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর : বিজেপির সঙ্গ ত্যাগ করলেও আম আদমি পার্টির হাত ধরলেন না পাঞ্জাবের প্রাক্তন সাংসদ তথা ক্রিকেটার নভজ্যোত সিং সিধু। বদলে নিজের নতুন দল গড়ে আগামী বিধানসভা নির্বাচনে পাঞ্জাব জয়ের হুঙ্কার দিয়ে রাখলেন তিনি।
সিধু তাঁর দলের নাম রেখেছেন 'আওয়াজ-ই-পাঞ্জাব'। অর্থাৎ পাঞ্জাবের আওয়াজ। দল গড়ে সিধু জানিয়েছেন তাঁরা পাঞ্জাবের হৃত গৌরব পুনরুদ্ধারের জন্য লড়বেন।

গত জুলাইয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিরোধের জেরে দল ছাড়েন নভজ্যোত সিং সিধু। তাঁর মতে, তাঁকে পাঞ্জাবের আকালি দলের হয়ে প্রচার করতে বলা হয়েছিল। যে দলের সঙ্গে ওই রাজ্যে জোট করে ক্ষমতায় রয়েছে বিজেপি। সেজন্যই তিনি দল ছেড়েছেন বলে জানান সিধু।
তবে তিনি কেন আম আদমি পার্টিতে যোগ দিলেন না তাও এদিন খোলসা করেছেন সিধু। তিনি জানান, কেজরিওয়াল তাঁকে বলেন, তিনি যেন আপের হয়ে না নির্বাচনে দাঁড়িয়ে শুধুমাত্র প্রচার করেন। বদলে সিধুর স্ত্রী নভজ্যোত কউর সিধুকে নির্বাচনে দাঁড় করাতে বলেন।
জানা গিয়েছে, সিধুর তৈরি নতুন দলে রয়েছেন প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক পরগত সিং যিনি অকালি দলের বিধায়ক ছিলেন। এছাড়া দুজন নির্দল বিধায়ক (একসময়ের অকালি দলের বিধায়ক) বলবন্দর সিং বেইন্স ও সিমরজিৎ সিং বেইন্স। এই তিনজনকেই অকালি দল থেকে বহিষ্কৃত করা হয়েছে।
প্রসঙ্গত আগামী বছরের জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে পাঞ্জাবে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।












Click it and Unblock the Notifications