শিল্পপতিদের পকেট ভর্তির প্রশ্নে আপোষহীন মোদী, জাতীয় সুরক্ষা তখন স্লোগান মাত্র! কটাক্ষ কংগ্রেসের
শিল্পপতিদের পকেট ভর্তির প্রশ্নে আপোষহীন মোদী, জাতীয় সুরক্ষা তখন স্লোগান মাত্র! কটাক্ষ কংগ্রেসের
চলতি সপ্তাহেই রাফাল তদন্তে সায় দিয়ে দিয়েছে ফ্রান্স। সূত্রের খবর, বিচারবিভাগীয় তদন্তে সায় দিয়ে দিয়েছে সেদেশের সরকার। এমনকী বিচারের জন্য বিচারপতি নিয়োগও করে ফেলেছে ফ্রান্সের আপরাধ দমন শাখা। শনিবার এই তথ্য প্রকাশ্যে আসতেই মোদী সরকারকে পুনরায় কোণঠাসা করতে তেড়েফুঁড়ে আসরে নেমেছে কংগ্রেস। গত দুদিনে রাহুলের লাগাতার টুইট বাণের পর এবার জাতীয় সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে মোদী সরকারকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র পবন খেরা।

তীব্র কটাক্ষ পবন খেরার
পবন খেরার দাবি মোদী সরকারের কাছে জাতীয় সুরক্ষা একটা স্লোগান। পাশাপাশি চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে তিনি এদিন বলেন, 'স্বাধীনতার পরবর্তী ভারতে জাতীয় সুরক্ষাকে একটি গুরুতর বিষয় হিসাবে বিবেচনা করে এসেছ কেন্দ্র সরকার। প্রতিটি দলই ক্ষমতায় আসার পর জাতীয় সুরক্ষার প্রশ্নে রাজনীতি করা থেকে দূরত্ব রেখেছে। কিন্তু উল্টোপুরান দেখা গিয়েছে মোদী সরকারের ক্ষেত্রে। যখনই শিল্পপতিদের পকেট ভর্তির প্রয়োজন হয়ে পড়ে তখন জাতীয় সুরক্ষা নিয়ে সমঝোতা বর্তমান সরকারের কাছে কোনও ব্যাপারই না।'

আসল ঘটনার সূত্রপাত কোথায় ?
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালে ৫৯ হাজার কোটি টাকা দিয়ে ফরাসি সংস্থা দাসো এভিয়েশনের থেকে ৩৬টি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছিল ভারত। কিন্তু দেশীয় সংস্থা হ্যাল-কে বাদ দিয়ে কেন অনিল আম্বানির রিলায়েন্স ডিফেন্সকে অফসেট চুক্তির বরাত দেওয়া হয় বিয়ে গোড়া থেকেই সরব হয় বিরোধীরা। এমনকী চুক্তির অঙ্ক নিয়েও প্রশ্ন তোলে কংগ্রেস।

৯ কোটি ভেটেই বেকায়দায় দাসো
যদিও ২০১৯ সালে রাফাল ইস্যুতে সামনে রেখে কংগ্রেস ভোটের ময়দানে ফায়দা তোলার চেষ্টা করলেও তা বিশেষ কাজে আসেনি। যদিও সম্প্রতি আর একটি সামনে আসায় নতুন করে শুরু হয় বিতর্ক। অভিযোগ ভারত সরকারের সঙ্গে এই চুক্তির সময় ১০ লক্ষ ইউরো দেওয়া হয়েছে ভারতীয় মধ্যস্থতাকারীকে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৯ কোটি টাকা।দাসোর অডিট করতে গিয়ে ফ্রান্সের দুর্নীতি দমন সংস্থা এজেন্স ফ্যাঙ্কাইজ অ্যান্টিকোরাপশন এই অর্থ সংক্রান্ত তথ্য পেয়েছে বলে জানা যায়।

জেপিসি তদন্তেরও দাবিতে সরব কংগ্রেস
তারপর থেকে সেদেশেও ক্রমেই জোরালো হচ্ছিল তদন্তের দাবি। দুর্নীতি দমন সংস্থার রিপোর্টকে হাতিয়ার করেই জোরালো তদন্তের দাবি জানায় ফ্রান্সের স্বেচ্ছাসেবী সংস্থা শেরপা রাফাল। নড়েচড়ে বসে প্রশাসনও। এদিকে রাফাল যুক্তি নিয়ে বহুদিন থেকে ভারতে জেপিসি তদন্তেরও দাবি করে আসছে কংগ্রেস। এই প্রেক্ষাপটে পবন খেরার কটাক্ষতে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।












Click it and Unblock the Notifications