Lok Sabha Election: ভোটের ফলাফলের আগেই ধ্যানমগ্ন হবেন মোদী, পাহাড় নয়, এবার পাল্টে ফেললেন তপস্যার স্থান
শেষ লগ্নে লোকসভা ভোট। আগামী ১ জুন সপ্তম দফার ভোট গ্রহণের মধ্যে দিয়েই লোকসভা নির্বাচনের সমাপ্তি হবে। এরপর আগামী ৪ জুন লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হবে। সব দলই এখন অঙ্ক কষতে ব্যস্ত। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট যেমন তৃতীয়বার ক্ষমতায় আসার বিষয়ে প্রবল ভাবে আত্মবিশ্বাসী তেমনই কংগ্রেস এবং আঞ্চলিক দলগুলির ইন্ডিয়া জোটও এবার ক্ষমতা দখলের বিষয়ে আশাবাদী।
কিন্তু লোকসভা ভোটের ফলাফল প্রকাশের আগে ফের পুরানো পন্থা নিচ্ছেন মোদী। লোকসভা ভোটের ফলাফল প্রকাশের আগে ২০১৯ সালে ধ্যানমগ্ন হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারও একই ভাবে ধ্যানে বসতে চলেছেন তিনি। তবে পাল্টে যাচ্ছে স্থান। পাহাড় নয় এবার সমুদ্রের উপরে ধ্যানমগ্ন হবেন মোদী।

পবিত্র বিবেকানন্দ রক মেমোরিয়ালটি দেশের সর্বদক্ষিণ প্রান্তে সমুদ্র উপকূলে তামিল সাধু তিরুভাল্লুর মধ্য সমুদ্রের একশিলা মূর্তির কাছে অবস্থিত। প্রধানমন্ত্রী, তাঁর তৃতীয় মেয়াদে জয়ী হওয়ার লক্ষ্যে এবারও ধ্যানে বসবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এখানে পৌঁছে, ১ জুন দিল্লির উদ্দেশ্যে রওনা হতে পারেন। তবে তাঁর সফর সূচি চূড়ান্ত হয়নি।
৩০ মে সন্ধ্যা থেকে ধ্যান মণ্ডপমে ধ্যান শুরু করতে পারেন। সেই ধ্যান চলবে ভোটের শেষদিন ১ জুন সন্ধ্যা পর্যন্ত। পুলিশ সূত্রের খবর, বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান করতে পারেন মোদী। তবে ৩১ মে এবং ১ জুন প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি এখনও প্রকাশ করা হয়নি।
২০১৯ সালে লোকসভা ভোটের ফলপ্রকাশের আগেও উত্তরাখণ্ডের কেদারনাথে একটি গুহায় ধ্যান করেছিলেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। পরে কেদার-যাত্রীদের কাছে সেই গুহা অন্যতম একটি দর্শনীয় স্থান হয়ে ওঠে।
১৮৯২ সালের ডিসেম্বর মাসে স্বামী বিবেকানন্দ এখানে এসে এই শিলাখণ্ডের উপর বসে দীর্ঘক্ষণ ধ্যান করেছিলেন। এখানে বসে তিনি ভারতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে দীর্ঘক্ষণ চিন্তা করেন। তারই স্মৃতিতে ১৯৭০ সালে বিবেকানন্দ রক মেমোরিয়াল কমিটি এখানে একটি স্মারকস্থল নির্মাণ করে।
লোকশ্রুতি অনুসারে, ঠিক যেমন সারনাথ শিলা গৌতম বুদ্ধের জীবনে একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করছে, তেমনই কন্যাকুমারীর এই পাথরও স্বামী বিবেকানন্দের জীবনে উল্লেখযোগ্য স্থান দখল করে। এবার সেই স্থানেই ধ্যানমগ্ন হতে চলেছেন মোদী।












Click it and Unblock the Notifications