২০১৯-এ মোদীর নজরে ২০৮ কেন্দ্র! মমতা-রাহুল জুটিকে হারানোর রণকৌশল তৈরি
লোকসভা নির্বাচনের বাদ্য বেজে গিয়েছে। আসরে নেমে পড়েছেন বিজেপির প্রধান মুখ নরেন্দ্র মোদী। বড় পরীক্ষা সামনে। ক্ষমতা ধরে রাখার লড়াই। লড়াই সম্মানরক্ষার।
লোকসভা নির্বাচনের বাদ্য বেজে গিয়েছে। আসরে নেমে পড়েছেন বিজেপির প্রধান মুখ নরেন্দ্র মোদী। বড় পরীক্ষা সামনে। ক্ষমতা ধরে রাখার লড়াই। লড়াই সম্মানরক্ষার। আর এই যুদ্ধে প্রতিপক্ষকে যে হালকা ভাবে নিচ্ছে না বিজেপি, তার প্রমাণ মুখ্যমন্ত্রী-উপমুখ্যমন্ত্রীদের নিয়ে সম্প্রতি মোদীর বৈঠক। এই বৈঠক থেকেই তিনি স্থির করে দিলেন ২০১৯-এর রণকৌশল।

এই বৈঠকে বিজেপির পাঁচটি রাজ্যের দিকে নজর দিয়েছে। পাঁচটি রাজ্যের ২০১৮টি আসন মোদী-শাহদের টার্গেট। মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে নরেন্দ্র মোদী, অমিত শাহ, অরুণ জেটলি, রাজনাথ সিং ও নীতিন গড়কড়িরা স্থির করেছেন, গতবার যে পথ ধরে সাফল্য এসেছিল, এবারও সেইগুলিকে আগলে রাখতে হবে। সাফল্যের সরণিকে ভুলে গেলে চলবে না।
সেইমতো উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাত ও মহারাষ্ট্রকে পাখির চোখ করছে বিজেপি। এই পাঁচ রাজ্যের ২০৮টি আসন থেকে ১৯২টি আসনে ২০১৪ সালে জয়যুক্ত হয়েছিল বিজেপি। এবারও ২০৮টি আসন থেকে যত সম্ভব আসনে জয় তুলে আনতে বদ্ধপরিকর মোদী-শাহ জুটি। বিজেপি মনে করছে এই কাজ করতে পারলে তাঁদের ক্ষমতায় ফেরা অনেক সহজ হয়ে যাবে। ২০১৮-এর মধ্যে ১৯২ না হলেও তার ধারেকাছে পৌঁছনই প্রথম টার্গেট বিজেপির।
উত্তরপ্রদেশে ৮০টির মধ্যে ৭৩টি আসনে জিতেছিল বিজেপি, মধ্যপ্রদেশে ২৯টির মধ্যে ২৭টিতেই গেরুয়া ঝড় বয়ে গিয়েছিল। আর রাজস্থান ও গুজরাতে ক্লিনসুইপ করে ছেড়েছিলেন মোদী। রাজস্থানে ২৫-এ ২৫। গুজরাতে ২৬-এ ২৬। মহারাষ্ট্রে ৪৮-এর মধ্যে ৪১টি আসন জিতেছিল বিজেপি-শিবসেনা জোট। সেই জোট এবার ভেঙেছে। তবে এই ঘাটতি পূরণে বিজেপি টার্গেট করছে ছত্তিশগড়কে। ছত্তিশগড়ে ১১টির মধ্যে ১০টিতে জিতেছিল বিজেপি।
২০১৪-য় এই সাফল্যে এসেছিল। সেই সাফল্যকে ২০১৯-এও ধরে রাখতে চাইছে বিজেপি। এর মধ্যে আবার মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে ভোট ২০১৮-র শেষে। ফলে তার আগে একটা বড় পরীক্ষা হয়ে যাবে নরেন্দ্র মোদীর। মোদী-শাহরা আদৌ ২০১৪-র সাফল্য ধরে রাখতে পারেন কি না, সেটাই লাখ টাকার প্রশ্ন। আর মহারাষ্ট্রে এবার শিবসেনা একা লড়ার কথা ঘোষণা করে দিয়েছে। সেটা চিন্তায় রেখেছে বিজেপিকে। কেননা মহারাষ্ট্রে বিজেপি ও শিবসেনা আলাদা লড়লে সুবিধা কংগ্রেস-এনসিপি জোটের। একইভাবে উত্তরপ্রদেশে সপা-বসপা-কংগ্রেস জোট করলে বিপদ। সব মিলিয়ে এই পাঁচ রাজ্যই নির্ধারণ করে দেবে জয় পরাজয়। বিজেপির নজরে তাই এই ২০৮টি আসনের লড়াই।












Click it and Unblock the Notifications