প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে নয়া মন্তব্যে ফের শিরোনামে বিপ্লব দেব
ফের একবার নয়া মন্তব্য করে শিরোনামে চলে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
বিতর্কিত মন্তব্য করে গত কয়েকমাসে বেশ কয়েকবার সংবাদ শিরোনামে এসেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ফের একবার নয়া মন্তব্য করে শিরোনামে চলে এলেন তিনি। তবে এবার বিতর্কিত কোনও মন্তব্য তিনি করেননি। তথ্যে সামান্য এদিক-ওদিক হয়েছে। তবে ভালো বার্তাই দিতে চেয়েছেন প্রধানমন্ত্রীকে নিয়ে।

আগরতলায় সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে হওয়া এক অনুষ্ঠানে হাজির হয়ে বিপ্লব দেব বলেছেন, নরেন্দ্র মোদীর এক ভাই অটো চালান। আর এক ভাইয়ের মুদির দোকান রয়েছে। ফলে দারিদ্রতা কোনও পাপ নয়।
বিপ্লবের কথায়, গত চার বছর ধরে মোদী দেশের প্রধানমন্ত্রী। তার আগে ১৩ বছর তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন। তা সত্ত্বেও তার পরিবার মধ্যবিত্ত জীবনযাপন করে চলেছে। তাঁর মা সাধারণ বাড়িতে থাকেন। ভাইয়েরা সাধারণ জীবনযাপন করেন। পরে অবশ্য প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, নরেন্দ্র মোদীর কোনও ভাই অটো চালান না।
ঘটনা হল, এর আগে মহাভারতের সময় স্যাটেলাইট ছিল, ইন্টারনেট লক্ষ বছর আগে আবিষ্কার হয়েছে বলে বিতর্ক বাঁধান বিপ্লব। কিছুদিন আগে মন্তব্য করেন, হাঁস জলে সাঁতরে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দেয়। যা নিয়ে বিতর্ক থামার আগেই আর একটি নয়া মন্তব্য করে বসলেন বিপ্লব।
প্রসঙ্গত, দুই বছর আগে মোদীর মতো দেখতে এক অটো চালকের ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। নেট দুনিয়ায় দাবি করা হয়, এই ছবি নরেন্দ্র মোদীর ভাইয়ের। পরে অবশ্য জানা যায়, সেই ছবিটি নকল।












Click it and Unblock the Notifications