মোদীই ভারতে জনপ্রিয়তার শীর্ষে, ২০২৪ নির্বাচনের আগে এনডিটিভির সমীক্ষায় আভাস
মোদীই ভারতে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। ২০২৪ নির্বাচনের আগে এনডিটিভির সমীক্ষা যে আভাস দিয়েছে, তাতে রাহুল গান্ধীর জনপ্রিয়তা আগের থেকে বাড়লেও এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক এগিয়ে। ভারতজুড়ে এখনও মোদীরই রাজ চলছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসেই দিল্লির কুর্সিতে নয় বছর পূর্ণ করেছেন। পরের বছর তিনি তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার জন্য লোকসভা নির্বাচনে লড়াই করবেন। তার আগে একাধিক বিধানসভা নির্বাচন রয়েছে। আর কর্নাটক নির্বাচনে কংগ্রেসের কাছে বিজেপি পর্যুদস্ত হওয়ার পর এই সমীক্ষা বিশেষ তাৎপর্যপূর্ণ।

এই সমীক্ষা অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সবচেয়ে জনপ্রিয় নেতা। দেশের শীর্ষ পদের জন্য এনডিটিভি লোকনীতি-সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং সোসাইটিজ-এর সঙ্গে যৌথ অংশীদারিত্বে একটি বিশেষ 'পাবলিক ওপিনিয়ন' প্রকাশ করেছে। সেখানেই দেখা যাচ্ছে মোদীর জয়জয়কার।
কর্নাটক নির্বাচনের বিজেপি কংগ্রেসের কাছে হেরে গোহারা হওয়ার ঠিক পরে ১০ থেকে ১৯ মে ১৯টি রাজ্যজুড়ে এই সমীক্ষা হয়েছিল। কর্নাটকে পরাজিত হওয়ার পরও প্রধানমন্ত্রী মোদী জনপ্রিয়তার শীর্ষে থাকা বিজেপির কাছে খুশির খবর। ৪৩ শতাংশের অভিমত বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ তৃতীয় মেয়াদে জয়ী হওয়া উচিত।

এই সমীক্ষা অনুযায়ী ৩৮ শতাংশ মনে করছে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে পারবে না বিজেপি। ৪০ শতাংশ বলেছেন আজ নির্বাচন হলে তাঁরা বিজেপিকে ভোট দেবেন। কংগ্রেসকে ভোট দেবেন ২৯ শতাংশ ভোটদাতা। বিজেপির ভোট শতাংশে ২০২৩-এর থেকে ২ শতাংশ বেড়ে ৩৯ শতাংশ হবে। কংগ্রেসের ১৯ শতাংশ থেকে বেড়ে ২৯ শতাংশ হবে।
আর ৪৩ শতাংশের মত আজ যদি নির্বাচন হয় নরেন্দ্র মোদীই প্রধানমন্ত্রীর জন্য তাঁদের প্রথম পছন্দ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হবেন রাহুল গান্ধী। ২৭ শতাংশ তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করেছেন। যাঁরা ২০২৪ সালে প্রধানমন্ত্রী মোদীকে চ্যালেঞ্জ জানাতে পারেন, তাঁদের মধ্যে ৩৪ শতাংশ বলছেন রাহুল গান্ধী পক্ষে রায় দিয়েছেন।

মোদীর প্রতিদ্বন্দ্বী হিসেবে ১১ শতাংশ বলেছেন অরবিন্দ কেজরিওয়ালের নাম। অখিলেশ যাদবের নাম বলছে ৫ শতাংশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলছেন মাত্র ৪ শতাংশ মানুষ। সমীক্ষায় ৯ শতাংশ মানুষ বলেছেন, কেউ মোদীকে চ্যালেঞ্জ করতে পারবেন না।
রাহুল গান্ধীকে সমর্থন প্রসঙ্গে ২৬ শতাংশ বলেছেন যে তারা সর্বদা তাঁকে পছন্দ করেন। ১৫ শতাংশ বলেছেন যে তাঁরা ভারত জোড়ো যাত্রার পরে রাহুল গান্ধীকে পছন্দ করতে শুরু করেছে। ১৬ শতাংশ বলেছেন, তারা কংগ্রেস নেতাকে পছন্দ করেন না। ২৭ শতাংশ এই প্রশ্নে নীরব থেকেছেন।












Click it and Unblock the Notifications