ফুলের তোড়া নিয়ে মনমোহনের বাড়িতে, শুভেচ্ছা বিনিময় করলেন নরেন্দ্র মোদী

লোকসভা ভোটের আগে এবং ভোটের সময়ও নরেন্দ্র মোদীকে বারবার বিঁধেছিল কংগ্রেস। সলমন খুরশিদ, বেণীপ্রসাদ বর্মা, শশী তরুর থেকে শুরু করে কপিল সিবাল, জয়রাম রমেশ, দিগ্বিজয় সিং, মণিশঙ্কর আইয়ার কেউই বাদ যাননি। এঁরা কেউ কেউ শালীনতার সীমা লঙ্ঘন করে নরেন্দ্র মোদীকে গালমন্দ করেছিলেন। খোদ মনমোহন সিং-ও বলেছিলেন, "দেশের মোদী-লহর বলে কিছু নেই। সবই মিডিয়ার তৈরি।" ভোটের ফল ঘোষণার দিনও বিজেপি-কে অভিনন্দন জানাতে গিয়ে তাঁর নাম মুখে আনেননি সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। পাল্টা নরেন্দ্র মোদীও আক্রমণ শানিয়েছিলেন।
কংগ্রেসের পুনঃপুন আক্রমণে তাঁর ক্ষোভ হওয়াই স্বাভাবিক। অথচ তিনি যে তিক্ত অতীত ভুলিয়ে দিতে চান, তা বোঝাতে ফুলের তোড়া নিয়ে হাজির হন মনমোহন সিংয়ের কাছে। দু'জনে সৌজন্য বিনিময় করেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী গুরশরণ কউরও শুভেচ্ছা জানান বর্তমান প্রধানমন্ত্রীকে। মনমোহন সিংয়ের হৃৎপিণ্ডে যে বাইপাস অপারেশন হয়েছে, সেটা নরেন্দ্র মোদী জানতেন বিলক্ষণ। তাই এখন শরীর কেমন আছে, জিজ্ঞাসা করেন। স্মিত হেসে প্রাক্তন প্রধানমন্ত্রী জানান, তিনি ভালো আছেন। পাল্টা মনমোহন সিং-ও তাঁকে শুভেচ্ছা জানান।
প্রসঙ্গত, এই ৩ নম্বর মোতিলাল নেহরু মার্গের বাড়িটি প্রাক্তন প্রধানমন্ত্রীর থাকার জন্য বরাদ্দ হয়েছে। দেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ৭ নম্বর রেসকোর্স রোডে এখন থাকবেন নরেন্দ্র মোদী। তবে গতকাল শপথ নিয়ে তিনি সেখানে নিশিযাপন করেননি। ছিলেন গুজরাত ভবনে।
এদিন নরেন্দ্র মোদীর সঙ্গে অবশ্য আর কোনও মন্ত্রী যাননি। মিনিট পনেরো কাটিয়ে মনমোহন সিংয়ের কাছ থেকে বিদায় নেন তিনি।












Click it and Unblock the Notifications