দক্ষিণে ঘাঁটি গাড়তে সঙ্গী খুঁজে পেল বিজেপি! লোকসভায় রাহুলকে চ্যালেঞ্জ মোদীর
সোমবার দিল্লিতে বৈঠকে বসছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ইকে পালানিস্বামী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার দিল্লিতে বৈঠকে বসছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ইকে পালানিস্বামী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকেই হয়তো ঠিক হয়ে যাবে তামিলনাড়ুতে ভবিষ্যতে এআইএডিএমকে এবং বিজেপির জোট করে লড়বে কিনা। তবে রাজনৈতিক মহলের অনুমান এই বৈঠকের দুপক্ষের জোটের পথ প্রশস্ত করবে।

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠককে গুরুত্ব
প্রধানমন্ত্রী এবং তামিলনাড়ুর এই বৈঠককে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। কেননা গত একবছরে ইপিএস কিংবা তাঁর ডেপুটি ও পনিরসিলভাম দিল্লিতে সেরকম কোনও গুরুত্বই পাননি।

আলোচনায় আসতে পারে যেসব ইস্যু
একবছরেরও বেশি সময় আগে ২০১৭-র অগাস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছিল ইপিএস-এর। মাদুরাইয়ে এইমস তৈরি করার ইস্যু ছাড়াও, হাইড্রোকার্বন প্রজেক্ট এবং রাজীব গান্ধীর হত্যাকাণ্ডে জেলে থাকা সাতজনকে ছাড়ার বিষয়ে আালোচনা হতে পারে বলে জানা গিয়েছে। এছাড়াও দুদলের রাজনৈতিক বিষয়েও আলোচনা হবে বলেই অনুমান।

দুপক্ষের সম্পর্কে বরফ গলার ইঙ্গিত
এআইএডিএমকে সূত্রে খবর, সম্প্রতি উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু এবং ইপিএস-এর মধ্যে তিরুমালায় বৈঠক হয়েছিল। সেই বৈঠকের পরেই বরফ গলার ইঙ্গিত পাওয়া যায়। এর পরেই প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে বৈঠকে বসেছিলেন তামিলনাড়ুর মন্ত্রী এসপি ভেলুমনি। সেখানে দুদলের সম্পর্ক স্বাভাবিকের দিকে এগোয় বলে সূত্রের খবর।

বিপক্ষে ডিএমকে-কংগ্রেস জোটের সম্ভাবনা
একদিকে যদি বিজেপি এআইএডিএমকের সঙ্গে জোট তৈরি করে, তাহলে তামিলনাড়ুতে অপর জোটটি হতে পারে কংগ্রেসের সঙ্গে ডিএমকের। ২০১৬-র বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট হয়েছিল ডিএমকের। তবে ২০১৯-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে তামিলনাড়ুতে কংগ্রেস কার সঙ্গে জোট করবে, সেবিষয়টি এখনও পরিষ্কার হয়নি।












Click it and Unblock the Notifications