সরকারি চাকরির পোস্টিং যেন রেস্তোরাঁর মেনু কার্ড! মমতার সরকারকে খোঁচা মোদীর
বাংলায় পঞ্চায়েত ভোটের মুখে নিয়োগ দুর্নীতি ইস্যুতে মমতার সরকারকে 'রেট-কার্ড' খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দিল্লি থেকে ভার্চুয়ালি রোজগার মেলার উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নিয়োগ দুর্নীতি নিয়ে তোপ দাগেন।
প্রধানমন্ত্রী এদিন পশ্চিমবঙ্গের নাম না করেই বলেন, আমরা সংবাদমাধ্যমে দেখেছি দেশের একটি রাজ্যে অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। নিয়োগ কেলেঙ্কারিতে ধরা পড়েছে রাজ্যের মন্ত্রী-নেতারা। সেখানই দেখা গিয়েছে, এক একটি পদের জন্য কে একরকম রেট কার্ড।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সরকারি চাকরির পোস্টিং যেন রেস্তোরাঁর মেনু কার্ড। সরকারি চাকরির আলাদা আলাদা পদের জন্য রেট ঠিক করে দেওয়া হয়েছে। রেটকার্ডের মাধ্যমে দরিদ্রদেরও লুঠ করা হয়েছে। যদি সাফাইকর্মীর কাজ চান তাহলে এক রেট, গাড়ির চালকের জন্য এক রেট, নার্স-কেরানির জন্য এক রেট। আবার শিক্ষকের জন্য আলাদা রেট।
প্রধানমন্ত্রী বলেন, আমরা যুব সমাজের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরির জন্য কাজ করছি, আর একটি রাজ্য সরকারি চাকরিতে রেটকার্ড বানিয়ে যুব সমাজের স্বপ্ন চুরমার করে দিচ্ছে। এবার আপনারাই বিচার করুন যুব সমাজের ভবিষ্যৎ কি রেটকার্ড দিয়ে মূ্ল্যায়িত হবে। নাকি যুব সমাজ নিরাপত্তা চায়!

বাংলায় পঞ্চায়েত ভোটের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কটাক্ষ বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি বাংলার মানুষের কাছে অপশন দিলেন, কোন পক্ষ বেছে নেবেন ভোটাররা। বাংলার নিয়োগ দুর্নীতি ঘিয়ে যখন তোলপাড় রা্জ্য রাজনীতি, তখন দেশের প্রধানমন্ত্রী এহেন বাক্যবাণ ফারাক গড়ে দেওয়ার পক্ষে যথেষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল।
বাংলায় শিক্ষক নিয়োগ থেকে শুরু করে গ্রুপ সি, গ্রুপ ডি পদে নিয়োগ এবং পুরসভার নিয়োগেও দুর্নীতি উঠে আসে। এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে শিক্ষা জগতের আমলা ও কর্তারা। এমনকী রাজ্যের শাসকদলের একাধিক নেতাও গ্রেফতার হয়েছেন।

শুধু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, পরিবারবাদ নিয়ে দুর্নীতি ইস্যুতে প্রধানমন্ত্রী মোদী খোঁচা দিয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকেও। এমনকী তিনি দুর্নীতি ইস্যুতে পূর্বতন কংগ্রেস সরকারকেও নিশানা করতে ছাড়েননি প্রধানমন্ত্রী।
মঙ্গলবার দিল্লি থেকে ভার্চুয়ালি রোজগার মেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭০ হাজার নিয়োগপত্র তুলে দেন যুব সমাজের হাতে। সেখানেই তিনি এক এক করে বাংলার তৃণমূল, বিহারের আরজেডি এবং জাতীয়স্তরে কংগ্রেসকে খোঁচা দেন।












Click it and Unblock the Notifications