এঁদের ভোট পেলেই কর্ণাটক বিধানসভায় কেল্লাফতে! দেখুন কি বলছেন নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রী মোদী বলেছেন মহিলা ভোটাররা কর্ণাটকের ভবিষ্যত নির্ধারণ করতে পারে।
ফের ভেদের রাজনীতি করে ফায়দা তোলার অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে। এবার একেবারে লিঙ্গভেদের অভিযোগ। আর এই অভিযোগ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। কর্ণাটক বিধানসভা ভোটে জয়লাভ করতে বিজেপির পাখির চোখ করেছে মহিলা ভোটারদের। তারা মনে করছে মহিলা ভোটারদের নিজেদের দিকে টানতে পারলে ব্যবধান অনেকটাই কমবে। তাই বিশেষ করে মহিলা-ভোটের ওপর জোর দিচ্ছে তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট প্রচারে এসে তাঁর সরকারের নারী কেন্দ্রিক প্রকল্প গুলি এবং সেগুলির সাফল্যের কথা তুলে ধরেছেন। জয় পেলে দু'টি গুরুত্বপূর্ণ পদও মহিলাদের দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।

শুক্রবার সকালে আরও একবার মহিলা ভোটারদের আলাদা করে গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী। কর্ণাটক মহিলা মোর্চাকে তিনি বলেন, যাতে আরও বেশি করে মহিলা ভোটারদের ভোট কেন্দ্রে আনা যায়, সেদিকটি দেখার জন্য। এদিন প্রধানমন্ত্রী মোদী কর্ণাটকের বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মিলিত হয়েছিলেন। বিজেপি কর্মী এবং রাইথা মোর্চার কর্মীদের তিনি বলেন জয় পেতে গেলে বুথ স্তরে মনোযোগ দিতে হবে। এরপর কনফারেন্সের তৃতীয় ভাগে দলের মহিলা মোর্চার কর্মীদের সঙ্গে আলাপচারিতায় তিনি মহিলা ভোটারদের ওপর জোর দেন।
মহিলা কর্মীদের মোদী বলেন, 'মহিলারাই কর্ণাটকের ভবিষ্যত নির্ধারণের সুযোগ দিতে হবে। মহিলাদের মধ্যে একটা প্রতিযোগিতার মনোভাব তৈরি করুন। নিশ্চিত করুন ভোট দেওয়ার ক্ষেত্রে তারা যাতে পুরুষদের পেছনে ফেলে দিতে পারে। যদি কোনও ভোটকেন্দ্রের ৩০০ জন পুরুষ ভোট দেন, তবে নিশ্চিত করুন যাতে ওই কেন্দ্রে অন্তত ৩৫০ জন মহিলা ভোট দেন। তাঁদের বলুন নারী সুরক্ষা ও ক্ষমতায়ণের জন্য ভোট দিতে। বলুন ঘরে বসে না থেকে বেরিয়ে এসে ভোট দিতে। তাহলেই ইতিবাচক ফল নজরে আসবে'।
মহিলা মোর্চার সঙ্গে কথা শুরু হওয়ার আগে মোদী অডিও ভিস্যুয়াল মোড ব্যবহার করে দেশে মহিলাদের ক্ষমতায়ণের জন্য বিজেপির প্রয়াস তুলে ধরেন। সেই অডিও-ভিডিও প্যাকেজের মুখ তাঁর মন্ত্রিসভার দুই মহিলা মন্ত্রী। দেখানো হয়েছে প্রতিরক্ষামন্ত্রীদের এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়া ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমনের ছবি এবং সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর মঞ্চে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের ছবি। দৃষ্টি আকর্ষণ করা হয় সাংহাইতে ভারতের বিদেশমন্ত্রীই ছিলেন বিভিন্ন দেশের পুরুষ প্রতিনিধিদের মধ্যে একমাত্র মহিলা। মোদী দাবি করেন কেন্দ্রের বর্তমান লক্ষ্য মহিলাদের জাতীয় নিরাপত্তার মতো বিষয়ে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেওয়া।
সরকারের পাশাপাশি বিজেপি দলেও মহিলাদের বিশেষ গুরুত্ব দেওয়া হয় বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'বিজেপিতে সংগঠন, প্রশাসন বা নীতি প্রণয়ন সব ব্য়াপারেই 'মহিলাই প্রথম' নীতি গ্রহণ করা হয়েছে। মন্ত্রিসভাতেও দক্ষ মহিলাদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। চীনের সাম্প্রতিক এসওও বৈঠকের সময় দু'টি ছবি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়। সে ছবিগুলি বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ এবং কর্ণাটকেরই সাংসদ নির্মলা সিতারমণের। দুটো আলাদা ছবিতে তাঁদের সারা বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রীদের গ্রুপে একমাত্র নারী হিসেবে দেখা গিয়েছিল।'
তাঁর সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাগুলি নিয়ে তৈরি একটি বিজ্ঞাপনও দেখান প্রধানমন্ত্রী। দাবি করেন, তাঁর সরকারই একমাত্র যারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা অপরিচিত নারীদের পদ্মশ্রী পুরষ্কার দেওয়ার কথা ভেবেছে। স্থানীয়দের কথা মাথায় রেখে মোদী কর্ণাটকের সেরকম দুই মহিলার কথা উল্লেখও করেন।
এছাড়াও প্রধানমন্ত্রীর কথায় এদিন উঠে এসেছে কর্ণাটকের ভাগ্যলক্ষ্মী, বালা সঞ্জীবনী এবং মহিলাদের বিনামূল্যে সাইকেল দেওয়ার প্রকল্পের কথা। এই প্রকল্পগুলি ২০০৮ সালে কর্ণাটকে বিজেপি সরকারের আমলেই চালু হয়েছিল।












Click it and Unblock the Notifications