Bomb Threats Suspect: বোমা রেখে শয়ে শয়ে বিমান ওড়ানোর হুমকি, নাগপুর থেকে পুলিশের জালে মূল চক্রী
Bomb Threats Suspect: দেশজুড়ে শয়ে শয়ে বিমানে বোমাতঙ্কের ঘটনায় মহারাষ্ট্রের নাগপুর (nagpur) থেকে গ্রেফতার মূল চক্রী। নাগপুরের গোন্ডিয়া থেকে ৩৫ বছরের এক যুবককে (Suspect identified) গ্রেফতার করেছে পুলিশ। জগদীশ উইকি নামে ওই অভিযুক্তের সন্ত্রাসবাদ (Terrorism) নিয়ে একটি বইও লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দেশজুড়ে পরপর একাধিক বিমানসংস্থাকে বিমান উড়িয়ে দেওয়ার হুমকি। বোমাতঙ্কের জেরে বিমান পরিষেবায় ব্যাঘাত নেমে এসেছিল। বিমানবন্দরে বাড়ানো হয় নিরাপত্তা। যাত্রীদের বসিয়ে রেখে চলে তল্লাশি। এমনকী গন্তব্যে না পৌঁছতে পেরে ঘুরপথে জরুরি অবতরণ করানো হয় একাধিক বিমানকে। এবার সেই ঘটনাতেই বড় সাফল্য পেল পুলিশ।

পুলিশ জানিয়েছে ২০২১ সালেও একটি মামলায় গ্রেফতার করা হয়েছিল ওই যুবককে। বিমান ওড়ানোর হুমকি মেলের সূত্র ধরেই তার নাগাল পায় পুলিশ। পাল্টা মেল পাঠানো হয়। এরপরই সতর্ক হয়ে গিয়ে গা ঢাকা দেয় ওই অভিযুক্ত। পুলিশের ডেপুটি কমিশনার শ্বেতা খেদকারের নেতৃত্বে চলছে বিমানে বোমাতঙ্কের তদন্ত। এদিন ডিসিপি নিজেই অভিযুক্তের বিষয়ে বিশদে জানান।
একযোগে প্রধানমন্ত্রীর অফিস (PMO), রেলমন্ত্রী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde) ও তাঁর উপমুখ্যমন্ত্রী সহ একাধিক বিমান সংস্থাকে হুমকি মেল পাঠিয়েছে জগদীশ উইকি। এখানেই শেষ নয়, ডিজিপি ও আরপিএফকেও হুমকি মেল পাঠানো হয় বলে অভিযোগ।
জঙ্গিমূলক কার্যকলাপ সম্পর্কে গোপন তথ্য (Secret Terror Code) তার কাছে রয়েছে বলে দাবি উইকির। এনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে বৈঠক চেয়েও হুমকি মেল পাঠিয়েছে উইকি। হুমকি মেল আসার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের (Devendra Fadnavis)। রেলে নাশকতামূলক কার্যকলাপ ঘটানোর হুমকি দিয়ে মেল পাঠানো হয় রেলমন্ত্রী অশ্বিনী যাদবকেও (Ashwini Yadav)। একই মেল ফরওয়ার্ড করা হয় ডিজিপি ও আরপিএফকে।
অক্টোবরের ২৬ তারিখ পর্যন্ত বিগত ১৩ দিনে ৩০০টিরও বেশি বিমানে বোমাতঙ্কের খবর মিলেছে। শুধু ২২ অক্টোবরই ৫০টির মতো বিমানে বোমাতঙ্ক ছড়ায়। ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার ১৩টি বিমান বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ডিসিপি জানান, উইকিকে জালে আনতে বিশেষ তদন্ত দল গঠন করা হয়। অবশেষে পুলিশের জালে অভিযুক্ত।












Click it and Unblock the Notifications