নাগাল্যান্ডে বিরোধী-শূন্য সরকার গড়ছে বিজেপি-জোট, তা সম্ভব হল কোন সমীকরণে
অতীতে ২০১৫ এবং ২০২১ সালে নাগাল্যান্ডে সরকার চলাকালীন বিরোধীশূন্য সরকার গঠিত হয়েছিল। তারপর এবারই প্রথমবার সরকার শপথ নেওয়ার আগেই বিরোধীশূন্য হয়ে গেল নাগাল্যান্ড।
নাগাল্যান্ডে বিরোধী-শূন্য সরকার গড়তে চলেছে বিজেপি-জোট। বিজেপি ও এনডিপিপি জোট এখানে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও বিজেপি অন্য রাজনৈতিক দলগুলিকেও নিজেদের দিকে টেনে বিরোধী-শূন্য সরকার গড়ার পথে অগ্রসর হল। সদ্য সমাপ্ত নির্বাচনে বিজেপি জোট ৩৭টি আসন পাওয়ার পর এখন ৬০-এ ৬০ করে ফেলল।

নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের ফল-চিত্র
নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে এবার বিজেপি ১২টি আসনে জয় পায়। আর তাদের জোটসঙ্গী এনডিপিপি পায ২৫টি আসন। এর বাইরে ২৩টি আসন দখল করে ৬টি দল ও নির্দল মিলিয়ে। তারপর ৬টি দলকেও তারা নিজেদের দিকে টেনে নিতে সমর্থ হল কংগ্রেস নাগাল্যান্ডে শূন্য হয়ে যাওয়ার পর।

নাগাল্যান্ডে বিজেপি জোট সরকারকে সার্বিক সমর্থন
নাগাল্যান্ডে বিজেপি জোট সরকার গড়ার প্রয়োজনীয় আসন পাওয়ার পর বাকি দলগুলির প্রায় প্রত্যেকেই তাদের সমর্থন করে বসেছে। বিজেপি ও এনডিপিপি ছাড়াও এনসিপি এখানে সাতটি আসনে জেতে। এছাড়া এনপিপি পাঁচটি, এলজেপি (রামবিলাস), নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ) এবং আরপিআই (আটাওয়ালে) দুটি করে, জেডিইউ একটি এবং নির্দল চারটি আসনে জিতেছে।

সরকার গঠনের আগেই নিঃশর্ত সমর্থন বিরোধীদের
এই প্রথম নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে এতগুলি রাজনৈতিক দল জয়ের মুখ দেখেছে। এলজেপি (রামবিলাস) এবং আরপিআই (আটাওয়ালে) রাজ্য রাজনীতিতে এই প্রথমবার লড়াই করল। যদিও এনডিপিপি-বিজেপি এখনও সরকার গঠনের দাবি জানায়নি, তার আগেই দ্বিতীয় মেয়াদে সরকার জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলির কাছ থেকে নিঃশর্ত সমর্থন পেয়েছে।

সমর্থনের বার্তা চিটি দিয়ে জানাল দলগুলি
এলজেপি (রামবিলাস), আরপিআই (আটাওয়ালে) ও জেডিইউ ইতিমধ্যে বিজেপি জোকে সমর্থনের চিঠি দিয়েছে বলে সূত্রের খবর। এনসিপি এ রাজ্যে তৃতীয় বৃহত্তম দল হয়েছে। শনিবার নেফিউ রিও-এর নেতৃত্বাধীন এনডিপিপি-কে তারাও 'নিঃশর্ত' সমর্থন দিয়েছে। এ রাজ্যে নবনির্বাচিত এনসিপি বিধায়ক ওয়াই মোনবেমো হুমটসো রবিবার সমর্থনের বার্তা দিয়েছেন।

এনপিএফের দুই সদস্যেরও সমর্থন দেওয়ার সম্ভাবনা
একইভাবে, এনপিএফের নবনির্বাচিত বিধায়কদের মধ্যে একজন যিনি দলের সাধারণ সম্পাদকও সেই আচুম্বেমো কিকনও বিজেপি জোট সরকারকে সমর্থনের সিদ্ধান্ত নিকতে পারেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া না হলেও এনপিএফের দুই সদস্যের বিজেপি জোট সরকারকে সমর্থন দেওয়ার সম্ভাবনা যথেষ্টই রয়েছে।

কংগ্রেস শূন্য বিধানসভা এবার বিরোধী শূন্যও
নাগাল্যান্ডে বিজয়ী সমস্ত রাজনৈতিক দলই এনডিপিপি-বিজেপি জোটকে সমর্থন করার সিদ্ধান্ত নেওয়ায় উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে আর একটি সর্বদলীয় সরকার তৈরি হবে। অতীতে ২০১৫ এবং ২০২১ সালে নাগাল্যান্ডে সরকার চলাকালীন বিরোধীশূন্য সরকার গঠিত হয়েছিল। তারপর এবারই প্রথমবার সরকার শপথ নেওয়ার আগেই বিরোধীশূন্য হয়ে গেল নাগাল্যান্ড। উ্ল্লেখ্য, এবার কংগ্রেস একটি আসনও পায়নি বিধানসভা নির্বাচনে। কংগ্রেস শূন্য বিধানসভা এবার বিরোধী শূন্যও হয়ে গেল একাধিক বিরোধী দল থাকা সত্ত্বেও।












Click it and Unblock the Notifications